খালেদার সঙ্গে সাক্ষাতে আইনজীবী-সাংবাদিক নেতারা
গুলশানের কার্যালয়ে কার্যত অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন বিএনপি সমর্থক একদল সাংবাদিক ও আইনজীবী নেতা।
রোববার বেলা দেড়টার কিছু আগে ব্যারিস্টার শাহজাহান ওমরের নেতৃত্বে চার আইনজীবী প্রথমে খালেদার কার্যালয়ে ঢোকেন। এরপর বিএনপি সমর্থক একদল সাংবাদিক ও বিএনপির কয়েকজন আইনজীবী সেখানে যান।
আইনজীবীদের দলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, আবদুল্লাহ আল মাহবুব, মহসীন মিয়া ও ফাহিমা নাসরিন মুন্নী রয়েছেন।
আর সাংবাদিক নেতাদের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের) একাংশের সাবেক সভাপতি ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী, বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, নির্বাহী সদস্য কামার ফরিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, প্রেসক্লাবেরর সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান রয়েছেন।
বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের দিনকে ‘গণহত্যা হত্যা দিবস’ অ্যাখা দিয়ে এর বর্ষপূর্তিতে সারা দেশে সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
ঢাকায় কর্মসূচি পালনের অনুমতি চেয়ে শনিবার পর্যন্ত পুলিশের সাড়া না পেয়ে ‘যে কোনো মূল্যে’ সমাবেশ করার ঘোষণা দেন বিএনপি নেতারা।
এদিকে ওই দিন ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে কর্মসূচি পালনের ঘোষণা দেয় আওয়ামী লীগ।
এ নিয়ে উত্তেজনার মধ্যে গত রাত সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চাইলে তার পথ আটকায় পুলিশ। তখন থেকে ওই কার্যালয়েই আছেন বিএনপি প্রধান।
