৪ বছর পরে আসেন: খালেদাকে আ. লীগ
এখন নয়, বর্তমান সরকারের মেয়াদপূর্তির শেষভাগে খালেদা জিয়ার সাত দফা নিয়ে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ দুই নেতা।
ক্ষমতাসীন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেছেন, “সংবাদ সম্মেলনে তিনি (খালেদা) যেসব কথা বলেছেন সেগুলো অবাস্তব। বাস্তব হলো, তার দলের লোকজনই মনে করে তার এসব কমর্সসূচি হল পিছুটান কর্মসূচি।”
আর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন, নির্বাচন, নির্বাচনী আইন সংশোধন ও অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে আলোচনার কথা তুলেছেন, তাতে কিছু ‘ভালো কথা’ থাকলেও তা এসেছে ‘অসময়ে’।
“বিষয়টি হচ্ছে খারাপ সময়ে ভাল কথা বলেছেন, ভাল সময়ে ভাল কথা বললে আরো গুরুত্বপূর্ণ হতো। তবুও আমি মনে করি এই বিষয়গুলো আলোচনার জন্য ২০১৫ সাল নয় ২০১৮ এর শেষ বা ২০১৯ এ গিয়ে এ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা যেতে পারে।”
খালেদা জিয়া গত বুধবার এক সংবাদ সম্মেলনে সাত দফা প্রস্তাব দেন যার মূল কথা হচ্ছে, ‘সব পক্ষের সম্মতিতে’ একটি ‘নির্দলীয় ও নিরপেক্ষ’ সরকারের অধীনে যতো দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন।
এই সাত দফা দাবিতে ‘জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার’ অঙ্গীকার ঘোষণা করে তাতে যোগ দিতে সব গণতান্ত্রিক দল, শক্তি ও ব্যক্তিকে শরিক হওয়ারও আহ্বান জানান বিএনপি নেত্রী।
শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চার দশক পূর্তি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে খালেদার ওই প্রস্তাব নিয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল।
তিনি বলেন, “আমরা অতীতে বারবার সংলাপের আহ্বান জানিয়েছিলাম, কিন্তু তিনি তাতে সাড়া দেননি। আমি মনে করি, তাকে চারটি বছর অপেক্ষা করতে হবে। আগামী ২০১৯ সালেই নির্বাচন হবে। সেই সময় হয়ত সংলাপ হতে পারে। তিনি যে সংলাপের কথা বলেছেন সেটা বাস্তবসম্মত নয়।”
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সাত দফা ঘোষণার মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘শুভবুদ্ধির উদয়’ হওয়ার ‘সম্ভাবনা’ দেখা দিয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাকে আরো চারটি বছর অপেক্ষা করতে হবে। চার বছর বেশি বড় সময় না, খুব একটা বিশাল বিষয় না।”
সাত দফা প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, “কিছু বিষয় স্পষ্ট করুন- যে জঙ্গিবাদী চক্রের সাথে আপনার সংস্পর্শ ছিন্ন করেছেন, উগ্র সাম্প্রদায়িক শক্তির সাথে আর সংশ্রব রাখবেন না, যুদ্ধাপরাধীদের বিষয়ে আপনার বক্তব্য আরো স্পষ্ট করতে হবে।”
৫ জানুয়ারি ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবসে’ ঢাকায় আওয়ামী লীগের সভা আয়োজনের কথা জানিয়ে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, “ওই জনসভা নিয়ে কোনো ঝামেলা আপনারা করতে যাবেন না, আপনার যদি সভা করতে চান যথানিয়মে প্রশাসনের অনুমতি নিয়েই শান্তিপূর্ণ সভা করতে হবে।”
তবে সমাবেশের নামে বিশৃঙ্খলার চেষ্টা হলে তা করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।
“বিশ্বের কোনো গণতন্ত্রেই অশান্তি করে লোক হত্যার সভা করার অধিকার দেওয়া হয়নি।”
‘চলমান রাজনীতি’ বিষয়ে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম।
