২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষিকা হত্যায় অর্জন কী, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বিএনপি জোটের হরতাল চলাকালে পিকেটারদের ঢিলের আঘাতে শিক্ষিকা নিহত হওয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 12:30 PM

Updated : 25 Apr 2022, 05:10 PM

মঙ্গলবার গণভবনে বই উৎসবের উদ্বোধন এবং জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী আগের দিনের হরতালে সহিংসতা ও প্রাণহানীর জন্য বিএনপির সমালোচনা করেন।

গাজীপুরে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদ এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ দলীয় নেতাদের মুক্তি দাবিতে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

হরতালের আগের রাতে রাজধানীতে অটোরিকশায় আগুন দেওয়া হলে দগ্ধ হন তিনজন। আর হরতালের সকালে নোয়াখালীতে পিকেটারদের ঢিলের আঘাতে নিহত হন ঢাকার স্কুল শিক্ষিকা শামসুন্নাহার ঝর্ণা (৩৭)।

হরতালে এই সহিংসতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “এভাবে মানুষ পুড়িয়ে কী লাভ হলো? হরতালে তাদের অর্জনটা কী? কোনো অর্জন নেই। নির্বাচনের আগেও ৫৮৪টি স্কুলে ভাংচুর চালানো হয়েছে, পোড়ানো হয়েছে। কিন্তু তারা কি নির্বাচন ঠেকাতে পেরেছে?”

এই মৃত্যুর জন্য বিএনপিকে দায়ী করে শেখ হাসিনা বলে, “হরতালের নামে স্কুল শিক্ষককে হত্যা করা হল। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মানুষ খুন করে কীভাবে তারা মানুষের সমর্থন পাবে?”

প্রধানমন্ত্রী বলেন, “যে এলাকায় ওই শিক্ষিকাকে হত্যা করা হয়েছে, আমরা সেখানে তদন্ত করব, জড়িতদের খুঁজে বের করব।”

এ ধরনের খুন বন্ধ করতে ‘যতোটা কঠোর হওয়া প্রয়োজন’ সরকার তা হবে বলেও তিনি উল্লেখ করেন। 

প্রধানমন্ত্রী হরতালে নাশকতার জন্য বিএনপিকে দায়ী করলেও দলটি পাল্টা অভিযোগে বলেছে, গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো এবং ঢিল ছুড়ে শিক্ষককে হত্যার জন্য সরকারই দায়ী।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার হরতাল শেষে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সরকার বিএনপির আন্দোলন বানচালে ‘অন্তর্ঘাতমূলক’ তৎপরতা চালাচ্ছে।

পুরনো খবর:

পিকেটারের ঢিলে প্রাণ গেল শিক্ষিকার
শিক্ষক হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ