২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপিকে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না’

বঙ্গবন্ধুকে কটূক্তি করে দেওয়া তারেক রহমানের বক্তব্য প্রত্যাহার করা না হলে দেশের কোথাও বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2014, 10:48 PM

Updated : 25 Apr 2022, 05:10 PM

সোমবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষকলীগ সভাপতি মোতাহার হোসেনসহ বেশ কয়েকজন এই ঘোষণা দেন।

এছাড়া স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ৫ জানুয়ারি ঢাকার রাজপথে বিএনপিকে প্রতিহত করার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

১০ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি ৫ জানুয়ারিকে গণতন্ত্র দিবস ঘোষণা করে এইদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের।

অপরদিকে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করতে চাচ্ছে বিএনপি।

নাসিম বলেন, “৫ জানুয়ারি আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে ঢাকার রাস্তায় নামতে হবে। যারা ঘরে বসে থাকবে তাদের আর আওয়ামী লীগ পরিচয় দেয়ার অধিকার থাকবে না।

“৫ জানুয়ারি আমাদের কর্মীরা খালি হাতে রাস্তায় নামবে। ওরা (বিএনপি) অস্ত্র নিয়ে নামলেও তাদের সেই হাত ভেঙে দেওয়া হবে।”

তিনি বলেন, “নির্বাচনের আগে খালেদাকে বার বার সংলাপের আহ্বান জানানো হলেও তিনি সাড়া দেননি। এখন বার বার সংলাপের বায়না ধরছেন। নতুন নির্বাচনের দাবি তুলছেন।”

বিএনপি নেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্ব সংস্থাগুলো নির্বাচন মেনে নিয়েছে। আপনি কার আশায় এমন নাচানাচি করছেন! ভারতে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সুসম্পর্ক ছিল। সেখানে কংগ্রেসকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসার পরও খালেদা আনন্দে উৎফুল্ল হয়েছিলেন।

“বিজেপির প্রধানমন্ত্রী মোদিও যখন বর্তমান সরকারকে সমর্থন দিয়েছে, খালেদা জিয়ার গোলাপি চেহারাটা কালো হয়ে গেছে।”

“যতই হুমকি দেন, ২০১৯ সালের আগে জাতীয় নির্বাচন হবে না। তখনও শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে,” বলেন নাসিম।

আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “পাকিস্তানের দোসর বিএনপির নেতারা শীতের দিনে হরতাল ডেকে ঘরে বসে শীতের পিঠা খায়। মানুষকে চরম ভোগান্তিতে ফেলে বাসায় আরাম আয়েশে সময় কাটায় তারা।”

গাজীপুরের মতো দেশের অন্যান্য জেলায়ও বিএনপিকে প্রতিরোধের হুমকি দিয়ে তিনি বলেন, “যতদিন বঙ্গবন্ধুকে অপমান করে দেয়া খালেদার কুপুত্র তারেক রহমানের বক্তব্য প্রত্যাহার করা না হবে, ততদিন তাদেরকে দেশের কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না।”

সরকার সমর্থকদের প্রতিরোধের হুমকি ও প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে গাজীপুরে পূর্ব ঘোষিত মহাসমাবেশ সফল করতে না পেরে সোমবার সারাদেশে হরতাল পালন করে বিএনপি নেতৃত্বাধীন জোট।

তবে বিএনপি জোটের হরতালে দেশের জনগণ সাড়া দেয়নি দাবি করে সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, “হরতাল যেভাবে অকার্যকর হয়েছে, বিএনপিও সেভাবে আস্তে আস্তে বাংলাদেশের দৃশ্যপট থেকে হারিয়ে যাবে।”

কৃষক লীগ নেতা মোতাহার হোসেন মোল্লা বলেন, “শুধু গাজীপুর নয়, তারেক রহমান তার বক্তব্য প্রত্যাহার না করলে বিএনপিকে বাংলাদেশের কোন জেলায় আর সমাবেশ করতে দেওয়া হবে না।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগ নেতা মোতাহার হোসেন মোল্লা। কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্তরের নেতারা এতে বক্তব্য দেন।