২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরিয়ে তারেকের বিচার করার দাবি মুক্তিযোদ্ধাদের

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে ‘শিষ্টাচারবর্জিত ও ধৃষ্টতাপূর্ণ’ বক্তব্যের জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2014, 02:11 PM

Updated : 13 Oct 2022, 12:56 PM

পুরনো খবর:

আরও ৭ মামলায় তারেককে গ্রেপ্তারে পরোয়ানা
বঙ্গবন্ধুকে এবার ‘রাজাকার’ বললেন তারেক
তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানি মামলা

এ জন্য সরকারকে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোরশেদ বীর বীক্রম বলেছেন, তারেককে ফেরানো না হলে জেলায়-উপজেলায় লাগাতার আন্দোলন শুরু হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সোমবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ জেলায় জেলায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর তারেক লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলেন।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে বলেন, বঙ্গবন্ধু যদি ৭ মার্চ সেনাবাহিনীর বাঙালি অফিসারদের নিয়ে যুদ্ধ শুরু করতেন, তাহলে যে ‘সামান্য সংখ্যক’ পাকিস্তানি সৈন্য তখন ছিল, তাদের সহজেই পরাজিত করা যেত; প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি অনেক কমানো যেত।

তিনি দাবি করেন, বঙ্গবন্ধু ‘পাকবন্ধু’ ছিলেন বলেই এমনটি করেননি। আর সে কারণে তাকে ‘রাজাকার’ আখ্যায়িত করা যায়।

তার ওই বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানহানির ডজনখানেক মামলা হয়েছে, যার মধ্যে কয়েকটিতে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।

ছয় বছর ধরে প্রবাসে থাকা তারেক বঙ্গবন্ধু পরিবার এবং স্বাধীনতার ঘোষণা নিয়ে এর আগেও বিতর্কিত বক্তব্য দেন, যে জন্যও তাকে বেশ কয়েকটি মানহানির মামলার বিবাদী হতে হয়। 

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম

চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের মানববন্ধনে অংশ নিয়ে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান হেলাল মোরশেদ বলেন, একাত্তর সালে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা যেভাবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তি করত, অপপ্রচার চালাত, ঠিক একই কায়দায় একই কাজ শুরু করেছেন তারেক রহমান।

“১৫ দিনের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। না হলে জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধারা লাগাতার আন্দোলন শুরু করবে।”

তারেকের শাস্তির দাবিতে আগামী জানুয়ারি থেকে মুক্তিযোদ্ধাদের মাঠে থাকারও নির্দেশ দেন তিনি।

হেলাল মোরশেদ বলেন, “চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করার যুদ্ধ শুরু করতে আবারও চট্টগ্রামে ফিরে এলাম।”

মুক্তিযোদ্ধারা ‘একা নয়’ মন্তব্য করে তিনি বলেন, “আমরা দুই লাখ মুক্তিযোদ্ধা। আমাদের প্রত্যেকের পরিবারে পাঁচ সদস্য ধরলে দাঁড়ায় ১০ লাখ। এদের সবাইকে নিয়ে প্রয়োজনে আবারও মাঠে নামব।”

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব এম এ মতিন বলেন, “মুক্তিযোদ্ধাদের সেই একাত্তরে সাহস এখনও অটুট আছে। জাতির পিতার বিরুদ্ধে অপপ্রচার রুখতে প্রয়োজনে আরও একটি যুদ্ধ শুরু করব।”

অন্যদের মধ্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান এম এ মরতুজা, চট্টগ্রাম জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাব উদ্দিন, চট্টগ্রাম জেলার ডেপুটি কমান্ডার মাহাবুবুল আলম চৌধুরী ও চট্টগ্রাম মহানগরের মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফফর আহমদ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারেক রহমানের শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরবার একটি স্মারকলিপি দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড।

রাজশাহী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ‘কটূক্তি’ করায় বিএনপি নেতা তারেক রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রাজশাহীর মুক্তিযোদ্ধারা।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ডের নেতারা এই দাবি জানান। 

মানববন্ধন শেষে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন মুক্তিযোদ্ধারা।

সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফরহাদ আলী মিয়া, মহানগর কমান্ডার ডা. আব্দুল মান্নান এসময় উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া

তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ড সকাল ১১টায় শহরের প্রধান সড়ক এনএস রোডে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন মুক্তিযোদ্ধারা।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার নাসিম উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, সাংসদ আব্দুর রউফসহ বিভিন্ন উপজেলা ইউনিট কমান্ডের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ফরিদপুর

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে প্রতিবাদে ফরিদপুরের মুক্তিযোদ্ধারা সমাবেশ ও মানববন্ধন করেছেন।

সোমবার বেলা ১১টায় পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সংগঠন তারেকের শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ মো. শাহনেওয়াজ, ডেপুটি কমান্ডার আমিনুর রহমান ফরিদ, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, স্বাচিবের সভাপতি ডা. আব্দুল জলিল এ সমাবেশে বক্তব্য দেন।

তারা বলেন, তারেক দেশের ইতিহাসকে যেভাবে ‘বিকৃত’ করে বক্তব্য রাখছেন তাতে মনে হয় তিনি ‘অসুস্থ’ হয়ে গেছেন। তার এ ধরনের বক্তব্যের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে ইতিহাস বিকৃতির চেষ্টা আরও বাড়বে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপির দিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ করেন ‍মুক্তিযোদ্ধারা।

চাঁদপুর

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সোমবার বেলা ১১টায় শহরের কালীবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল শুরু হয়। মুক্তিযোদ্ধারা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

মিছিলে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।

বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিযোদ্ধারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ফেনী

দুপুরে ফেনীতে মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক হুমায়ুন কবীর খোন্দকারের হাতে স্মারকলিপি দিয়েছে।

ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান জানান, তারেকের শাস্তির দাবিতে জেলা ইউনিট কমান্ডের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুর রহমান মজুমদার, ডেপুটি কমান্ডার মাস্টার শাহজাহান, জেলা সাংগঠনিক কমান্ডার মোশারফ হোসেন, থানা কমান্ডার মো. আবছার প্রমুখ।

জয়পুরহাট

সকাল ১১টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ছাত্রলীগসহ মুক্তিযদ্ধের স্বপক্ষের রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, সিপিবি নেতা বদিউজ্জামান বদি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা।

পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তারেকের বিচারের দাবিতে একটি মিছিল বের হয়।
এটি প্রধান সড়ক ঘুরে রেডক্রিসেন্ট ভবন হয়ে আবার শিল্পকলায় এসে শেষ হয়।

মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান। মিছিলে তারেক রহমানের প্রতিকৃতিতে জুতার মালা এবং ঝাড়ু প্রদর্শন করা হয়।

মাদারীপুর

মাদারীপুর ও শিবচরে আলাদাভাবে মুক্তিযোদ্ধারা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও তারেকের কুশপুতুল পুড়িয়েছে ।

সকালে মাদারীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে ও শিবচর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চৌধুরী শাজাহান বলেন, “এসব কর্মসূচির পাশাপাশি তারেকের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছি।’

একই কর্মসূচির কথা জানিয়েছেন মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাজাহান হাওলাদার।

গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনের পর ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন মুক্তিযোদ্ধারা।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধা কমান্ডার সিকদার নূর মোহাম্মদ দুলুসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে তারেক রহমানের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদও।

জামালপুর

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদও।

সকালে শহরের দয়াময়ী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম খোকা, বীরপ্রতীক সদরুজ্জামান হেলাল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হায়দর আলী, ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মানিকুল ইসলাম, সরিষাবাড়ি উপজেলা কমান্ডার মোফাজ্জল হোসেন, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক এনামুল হক তালুকদার রিপন ও সংগঠক সৈয়দ তানভীর আহমেদ।

পরে দয়াময়ী চত্বর থেকে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল বের করে শহর বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করে।

এ সময় জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের কাছে স্মারকলিপি দেয়া হয়।

কুড়িগ্রাম

বেলা সাড়ে ১২টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে তারেকের বক্তব্যের প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে জেলা ইউনিট কমান্ডের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয় এবং জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি দেয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুর ইসলাম টুকু, সদর উপজেলা কমান্ডার আব্দুল বাতেন, আকবর আলী, আমজাদ হোসেন ও আফজাল হোসেন প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ

তারেক রহমানের বিচারের দাবিতে বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা প্রশাসকের অফিসের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ।

এতে দেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সেরাজুল হক , সাবেক জেলা কমান্ডার মো. ওমর আলী, ডেপুটি কমান্ডার অধ্যক্ষ মো. এনামুল হক।

এই সময় তারেকের কুশপুতুল পোড়ান মুক্তিযোদ্ধারা।পরে তার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।