‘দেশ স্বাধীনতার পূর্বের অবস্থায় ফিরে গেছে’
‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ মাধ্যমে সরকার বাংলাদেশেকে স্বাধীনতার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ফাইল ছবি
আমীর খসরু বলেন, “একাত্তরে বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে দেশকে মেধাশূন্য করার প্রক্রিয়া ছিল। সেদিন হানাদারদের স্বপ্ন পূরণ হয়নি। দেশে মেধার বিকাশ ঘটেছে।
“কিন্তু বর্তমানে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধমে শাসকগোষ্ঠী জোর করে ক্ষমতা দখলের মাধ্যমে দেশকে স্বাধীনতার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছে। দেশে মুক্ত চিন্তার পথ বন্ধ করে দিয়েছে।”
আমীর খসরু বলেন, ভিন্ন মতের মানুষদের মত প্রকাশের স্বাধীনতা হরণের মধ্য দিয়ে সুশীল সমাজের মুখ বন্ধ করার চিন্তা করছে সরকার। গণমাধ্যমের ওপর প্রচুর চাপ সৃষ্টি করা হচ্ছে।
“স্বাধীনতার এত বছর পর দেশ এখন গুমখুনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ভিন্ন মতের লোকজনকে গুম-খুনের মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে সরকার নব্য বাকশাল কায়েম করেছে। বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হবে।”
নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চিকিৎসক শাহদাত হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বেগম রোজি কবির।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসান মাহমুদ, পেশাজীবী নেতা ডা. খুরশীদ জামিল, আইনজীবী দেলোয়ার হোসেন।
