সাহাবুদ্দিন বেঈমান: এরশাদ
১৯৯০ সালের ৬ ডিসেম্বর প্রবল গণআন্দোলনের মুখে পদত্যাগকারী এইচ এম এরশাদ দিনটিকে স্বৈরাচার পতন দিবস হিসেবে মানতে নারাজ। বরং দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস আখ্যায়িত করে তিনি বলেছেন, পদত্যাগ করে তিনি সংবিধানকে সংরক্ষণ করেছেন।
শনিবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভায় চেয়ারম্যান এরশাদ বলেন, “৬ ডিসেম্বর নিয়ে অনেক কথা বলা হয়। কেউ একে বলে স্বৈরাচার পতন দিবস, কিন্তু আমি বলি সংবিধান সংরক্ষণ দিবস।”
কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাকে বিরোধী দল চ্যালেঞ্জ করেছিল। বলেছিল- এরশাদ, ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। আমার উপ-রাষ্ট্রপতি পদত্যাগ করার পর জাস্টিস সাহাবুদ্দিনকে উপ-রাষ্ট্রপতি করেছিলাম। তারপর উনার কাছে পদত্যাগপত্র দিয়েছিলাম। কী জন্য দিয়েছিলাম? শুধু সংবিধান সংরক্ষণের জন্য। আমি সাংবিধানিকভাবে পদত্যাগ করেছিলাম।
“কিন্তু জাস্টিস সাহাবুদ্দিন একটি বেঈমান। তিনি ওয়াদা ভঙ্গ করেছিলেন। ক্ষমতায় এসেই তিনি আমাকে, আমার স্ত্রী-পুত্রকে জেলে পাঠিয়েছিলেন।”
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক এই সামরিক শাসক দাবি করেন, তার সরকার অবৈধ ছিল না। বরং সংবিধানবহির্ভূত কাজ করেছিলেন সাহাবুদ্দিন।
“আমি আমার শাসনামলে কোনো অসাংবিধানিক কাজ করিনি। ১৯৮৬ থেকে ’৯০ সাল পর্যন্ত আমাদের সরকার অবৈধ ছিল না। স্বীকৃত, সাংবিধানিক সরকার ছিল। সংবিধান বহির্ভূত কাজ করেছিলেন বেঈমান সাহাবুদ্দিন। তিনি একই সঙ্গে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির পদ দখল করেছিলেন। এজন্য অবশ্যই তাকে একদিন কাঠগড়ায় দাঁড় হতে হবে।”
এরশাদ সরকার পতনের পর সংবিধানে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা বিলোপ করে সংসদীয় ব্যবস্থা ফিরিয়ে আনা হয়।
এরশাদ বলেন, এই সংশোধনী আসলে আতঙ্কের ফল।
“১৯৯১ এর নির্বাচন নিয়ে অনেকেই আতঙ্কে ছিল, যদি এরশাদ জিতে যায়। এ কারণেই দ্বাদশ সংশোধনী করা হয়েছে। দ্বাদশ সংশোধনী হলো আতঙ্কের ফল!”
বিএনপির প্রতি কটাক্ষ করে এরশাদ বলেন, “এখন শুনি তারা বলে লেভেল প্লেইং ফিল্ডের কথা। আমার সময়ে এটি মনে ছিল না? আমাকে, আমার স্ত্রী-পুত্রকে, আমার দলের কর্মীদের জেলে পাঠানো হয়েছিল। তারপরও তো আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম।
“জাতীয় পার্টি ডুবে যায়নি। আমরা ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তারপর কী হলো- হত্যা-খুন, টেন্ডারবাজি, প্রতিহিংসার রাজনীতি শুরু হলো। এখনো চলছে।
“মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়। তারা এখন দুই দলের হাত থেকে পরিত্রাণ চায়। আল্লাহর অশেষ মেহেরবানি যে তিনি জাতীয় পার্টিকে টিকিয়ে রেখেছেন।”
বিএনপির উদ্দেশে এরশাদ বলেন, “সব হিসাব আমাদের কাছে আছে। হিসাব আমরা নেব। এখনো ষড়যন্ত্র করেন….ঘরের মধ্যে মিটিং করেন! ষড়যন্ত্র করে লাভ হবে না। মানুষ আপনাদের চায় না। তারা জেগে উঠেছে।”
আগামী নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে ৩০০ প্রার্থী দেওয়ার কথা বলেন এরশাদ।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আগামী নির্বাচনে আমাদের টার্গেট ১৫১টি আসন। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন। সেই সুযোগ কাজে লাগাও।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শেখ সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
