২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসওয়ালকে নিয়ে আশরাফের মন্তব্য ‘বর্ণবাদের পক্ষে’

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্যে বর্ণবাদী মনোভাবের প্রকাশ ঘটেছে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 04:47 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

শনিবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, “তার বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূতই নয়, এখানে বর্ণবাদের বিষয়টিও স্পষ্টভাবে উঠে এসেছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায়, বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে জোর চেষ্টা চালানো দেশ যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী বিসওয়ালের ঢাকা সফরের সময় তাকে ইঙ্গিত করে ‘দুই আনার মন্ত্রী’ বলেছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।

৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারী বিএনপি এখন নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সব দলের অংশগ্রহণে নির্বাচনের আহ্বানের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, বিএনপি এখন বিদেশিদের কাছে ‘ধরনা’ দিচ্ছে।

বিসওয়ালকে নিয়ে মন্তব্যের কারণে সৈয়দ আশরাফের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ আশা করছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন। 

“এরকম বক্তব্যের পর সরকার সৈয়দ আশরাফের বিরুদ্ধে কোনো প্রকার সমালোচনা করেনি, কথা বলেনি। এর মাধ্যমে প্রমাণিত হয়, বর্তমান আওয়ামী লীগ সরকারও বর্ণবাদের পক্ষে।”

৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে যুক্তরাষ্ট্রের তৎপরতা ছিল- প্রধানমন্ত্রীর এই বক্তব্য ওয়াশিংটনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন।

“বাংলাদেশের জনগণ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়। সরকার প্রধানের এরকম বক্তব্যে দুই দেশের সম্পর্কে অযাচিত ধাক্কা খেয়েছে। একটি গণমাধ্যমেও বলা হয়েছে, সৈয়দ আশরাফের বক্তব্যে দুই দেশের সম্পর্কে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে।”

‘তিস্তার খবর কী’

ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি কার্যকরের আশা জাগায় সন্তোষ জানালেও ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে তিস্তা চুক্তির বিষয়ে সুস্পষ্ট আশ্বাস আদায় করতে না পারায় সরকারের ব্যর্থতা দেখছেন শমসের মবিন।

নেপালের কাঠমান্ডুতে সার্ক সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে বাংলাদেশের প্রত্যাশিত দুটি বিষয় বাস্তবায়নে মোদী জোর চেষ্টা চালানোর কথা বলেছিলেন।

শমসের মবিন বলেন, “আমরা যতটুকু জানতে পেরেছি, বৈঠকে তিস্তা পানি বণ্টন চুক্তির বিষয়ে তেমন কোনো আশ্বাস ভারতের কাছ থেকে পাওয়া যায়নি। সীমান্ত চুক্তি হলেও তা বড় কিছু পাওয়া নয়।”

স্থল সীমান্ত চুক্তি কার্যকরে সম্ভাবনাকে সাধুবাদ জানিয়ে তিনি একইসঙ্গে বলেন, “২০০২ সালে বেগম খালেদা জিয়ার শাসনামলে ছিটমহল হস্তান্তর, অপদখলীয় ও বিরোধপূর্ণ ভূমির বিষয়াবলী এক সঙ্গে প্যাকেজ আকারে নিষ্পত্তি করা জন্য ভারতকে বলা হয়েছিল।”

“পদ্মায় মালয়েশিয়া গেল কই?”

পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার বিনিয়োগের যে কথা উঠছিল, সে বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন শমসের মবিন।

“বিশ্ব ব্যাংক কর্তৃক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার পর মালয়েশিয়ার একটি কোম্পানি বলেছিল, তারা পদ্মা সেতু করে দেবে। এবার প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরকালে ওই সেতুর বিষয়ে আলোচনা হল না কেন, এ ব্যাপারে আমি সরকারের কাছে ব্যাখ্যা চাই।”

মালয়েশিয়ায় সফরে স্বাক্ষরিত চুক্তিগুলো গুরুত্বপূর্ণ মনে হয়নি কূটনীতিক চাকরি থেকে রাজনীতিতে নাম লেখানো শমসের মবিনের।     

বিএনপির শাসনামলে মালয়েশিয়ায় যাওয়া আড়াই লাখ অবৈধ শ্রমিককে বৈধ করার ব্যবস্থা করেছেন বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা-ও ঠিক নয় বলে দাবি করেন তিনি।

“বেগম খালেদা জিয়া ২০০৪ সালে যখন মালয়েশিয়ার সফর করেন, তখন অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার তিনি ব্যবস্থা করেছিলেন। একই সঙ্গে আরও শ্রমিক নেয়ার উদ্যোগ সে সময়ে নেওয়া হয়।”

অবৈধ জনশক্তি রপ্তানিতে আওয়ামী লীগের লোকজন জড়িত বলে দাবি করেন শমসের মবিন।

পুরনো খবর:

‘দুই আনার মন্ত্রীর কাছে হাত পেতে বসে আছেন খালেদা’
কোনো দেশ পাশে না থাকলে মরে যাব না: প্রধানমন্ত্রী