২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন ফুলে ভালোবাসা নেই, শুধু স্বার্থ: কাদের

মন্ত্রীদের আগমন ঘিরে তোরণ নির্মাণ ও নেতাকর্মীদের হোন্ডা মিছিলসহ বাড়তি কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 09:45 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

বুধবার চট্টগ্রাম নগরীর একটি হোটেলে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটি আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, “মন্ত্রী আসলে সামনে এক হাজার হোন্ডার মিছিল। ভাবখানা এমন যেন- আমি কি হনু রে! কেন এ অপচয়? এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।”

প্রায়ই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরেজমিনে সড়ক মেরামতসহ বিভিন্ন কাজ পরিদর্শনের জন্য আলোচনায় থাকা এ মন্ত্রী বলেন, “মন্ত্রীর পেছনে কেন মানুষ ছুটবে? মন্ত্রীকে কেন জনগণ খুশি করবে? জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখন মন্ত্রীর কাজ দায়িত্ব পালন করে জনগণকে খুশি করা।

“এ জীবনে যত ফুল পেয়েছি জানি অধিকাংশ ফুলে ভালোবাসা কম। প্রত্যেক ফুলের পেছনে স্বার্থ। প্রত্যেক তোরণের পেছনে স্বার্থ। প্রত্যেক ব্যানারে সৌজন্য। সামনে দেখতে একরকম, আল্লাহর কি কুদরত ডিজিটাল ব্যানার, ব্যানারে দেখতে আরেক রকম। চেনা যায় না।”

ওবায়দুল কাদের বলেন, তিনি আনুষ্ঠানিকতায় নয়, কাজে বিশ্বাস করেন।

“আজ আধ ঘণ্টায় ১০টি সেতু ও দুটি সড়ক ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেছি। উদ্বোধনী অনুষ্ঠান হলে একটি সেতু উদ্বোধন করতেই একদিন লাগত। মাইক বেঁধে বক্তৃতা চলত। সবাই বক্তৃতা করতে চায়। সবাইকে বলতে দিতে হবে। কাউকে বলতে না দিলে চেহারা এমন হয় যেন ছেলে-মেয়ে মারা গেছে।

“কাগজে নাম লিখলে থাকবে না। পাথরে নাম লিখলে ঝাপসা হয়ে যাবে। কাজ দিয়ে মানুষের অন্তরে নাম লেখাতে হবে।”

বর্তমানে রাজনৈতিক নেতাকর্মীদের অতি প্রচার-প্রচারণার সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ‍কাদের বলেন, “দেশে এখন কর্মী উৎপাদন বন্ধ হয়ে গেছে। সবাই নেতা। এখন দেশে নেতার বাম্পার ফলন, নেতা উৎপাদনের উর্বর ক্ষেত্র। দলে কোনো পদ নেই তো ব্যানারে লেখে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী।”

চট্টগ্রামে বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রমের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, “আমি জানি বিলবোর্ড ব্যবসা কারা করে। আগে তারা আমার সাথে দেখা করত। এখন দেখা করে না।

“এসব বিলবোর্ডের কী দরকার? আমি চট্টগ্রামের প্রকৃতি, নদী, সাগর আর বৃষ্টি দেখতে চাই। এসব দূষণ-অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। চট্টগ্রামের স্বকীয় সৌন্দর্য ফিরিয়ে দিতে হবে।”

বক্তব্যের শেষে ওবায়দুল কাদের বলেন, “দেশটা ভালো হয়ে যেত যদি সব রাজনীতিবিদরা ভালো হতাম। যদি আমরা রঙ সাইডে (উল্টোপথে) না যেতাম সবাই রাস্তায় নিয়ম মানত। কিন্তু সেটা হয় না।”

চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) এবং ভারতীয় হাই কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।

সিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে সাংসদ এম এ লতিফ, ত্রিপুরা চেম্বারের সভাপতি এম এল দেবনাথ, একে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান, জাপানের অনারারি কনসাল নুরুল ইসলাম, সিসিসিআইর সাবেক সভাপতি মীর্জা আবু মনসুর বক্তব্য দেন।