‘পদ নয়, এ্যানি-টুকুর অপসারণ চাই’
ছাত্রদলের কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষুব্ধরা পদের দাবি ছেড়ে এখন শুধু বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর অপসারণ চেয়েছেন।
সোমবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের নিচতলায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ‘পদবঞ্চিতরা’ তিনটি দাবি তুলে ধরা হয়।
এর মধ্যে প্রথম দাবিটি হচ্ছে- ছাত্রদলের সাবেক দুই সভাপতি এ্যানি ও টুকুকে তাদের দায়িত্ব থেকে অপসারণ। বাকি দুটি দাবি হল- ছাত্রদলের বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন ও বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার।
লিখিত বক্তব্য পড়ে শোনানোর পর বিক্ষুব্ধদের পক্ষে ফেরদৌস আহমেদ মুন্না বলেন, “এ্যানি-টুকুকে অপসারণ করে সেখানে নিরপেক্ষ যে কাউকে নিয়োগ দিলে আমাদের পরবর্তী দুটি দাবি শিথিলযোগ্য হবে।
“আমরা মনে করি, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাউদ্দিন টুকু পকেট কমিটি করে ছাত্রদলে সঙ্কট সৃষ্টি করেছে। আমরা বিএনপি চেয়ারপারসনের কাছে আবেদন জানাচ্ছি, তাদের অপসারণ করুন। আমরা কোনো পদ-পদবী চাই না।”
এ্যানি-টুকুর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মুন্না বলেন, “উনারা আমাদের বড় ভাই, তাদের শ্রদ্ধা করি। কিন্তু বিগত তিনটি কমিটিতে তারা অভিভাবক হিসেবে নিচেদের যোগ্যতা প্রমাণ করতে পারেনি। উল্টো তারা শেখ হাসিনার ইন্ধনে বিএনপির আন্দোলনকে ব্যর্থ করতে ছাত্রদলে গ্রুপিং সৃষ্টি করেছেন।”
গত ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর থেকে পদ না পাওয়ারা ওই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে।
ফাইল ছবি
তারা দুই দফা নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের চতুর্থ তলায় ছা্ত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়, বিক্ষোভের মধ্যে ভাংচুরের ঘটনাও ঘটে।
এরপর সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন ও সহসভাপতি আবু সাঈদসহ তিনজনকে বহিষ্কার এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আটজনকে কারণ দর্শাও নোটিস দেয় বিএনপি ও ছাত্রদল।
সংবাদ সম্মেলনে বহিষ্কৃত খোকন ও আবু সাইদ কর্মীদের নিয়ে ছিলেন। নোটিস পাওয়া তরুন দের সভাপতিত্বে আরও ছিলেন গত কমিটির তরিকুল ইসলাম টিটু, নুরুজ্জামান মুকিত লিংকন, হাবিবুর রহমান সুমন, নুরুল ইসলাম রয়েল, মাহবুবুল আজম, সামুজ্জামান সুমন, এস এম মোশাররফ হোসেন, আসাদ মিয়া।
নতুন কমিটির সদস্য মাহবুবুর রহমান পলাশ, সুলতান মামুদ তুষার, আনিসুর রহমান সুজনও বিক্ষুব্ধদের সঙ্গে সংবাদ সম্মেলনে ছিলেন।
চার পৃষ্ঠার লিখিত বক্তব্যে পদবঞ্চিতরা নিজেদের আন্দোলনের কারণ তুলে ধরেন।
মুন্না বলেন, “আমরা ছাত্রদল ও বিএনপিকে বাঁচাতে বিদ্রোহ করেছি। পদ-পদবীর আশায় আমরা বিদ্রোহ করিনি।”
দাবি আদায়ে বুধবার থেকে শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
