খালেদা রাষ্ট্রবিরোধী কর্মে লিপ্ত: আ.লীগ
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ‘বিষোদ্গার’ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
কুমিল্লার জনসভায় খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেন, ক্ষমতা হারিয়ে খালেদা জিয়া ‘উন্মাদনায়’ ভুগছেন।
সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে হয়।
নানক বলেন, “খালেদা জিয়া সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। আন্তর্জাতিক সংস্থায় এসব বাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করছেন। তার এই কর্মকাণ্ড রাষ্ট্র ও দেশের সার্বভৌমত্বের বিরোধী।”
শনিবার কুমিল্লার জনসভায় খালেদা জিয়া পুলিশ ও র্যাবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করেন। শেখ হাসিনা সরকার র্যাব-পুলিশকে ‘বিরোধিতা দমনের কাজে’ ব্যবহার করছে বলেও দাবি করেন বিএনপি চেয়ারপারসন।
এর জবাবে নানক বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে তার এ ধরনের বক্তব্যে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে। ক্ষমতা হারিয়ে উন্মাদনায় ভুগছেন তিনি।”
গত কয়েকটি সমাবেশের মতো কুমিল্লার সমাবেশেও র্যাবকে বিলুপ্তির দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যার সরকারের সময়ে র্যাব গঠন করা হয়েছিল।
নানক বলেন, “আজ বেগম খালেদা জিয়া র্যাবের বিরুদ্ধে কথা বলছেন। অথচ এই র্যাব তৈরি করেছিলেন বেগম খালেদা জিয়া। নিজের তৈরি জিনিসটিকে তিনি কলঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন, যা বাংলার জনগণ কোনোভাবেই মেনে নেবে না।”
বর্তামান সংসদ ও সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, “বেগম খালেদা জিয়া যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি করেন সেটার ফলাফল তো উচ্চ আদালত দিয়েই দিয়েছে। তারপরেও যদি কিছু করতে হয় সেটা এই সংসদের মাধ্যমেই করতে হবে। অথচ তিনি বারবার বলছেন এই সংসদ অবৈধ এই সংসদের কোনো আইনই পাস করা হবে না। তাহলে নতুন আইন করে যদি কোনো নির্বাচন করতে হয়, সেটা কারা তৈরি করবে? কোথায়ইবা সেটা পাশ হবে?”
কুমিল্লায় খালেদার এক মন্তব্যের সূত্র ধরে নানক বলেন, “খালেদা জিয়া বলেছেন মইনুদ্দিন-ফখরুদ্দিন নাকি তার কাছে গিয়েছিলেন তাকে ক্ষমতায় বসানোর তকমা নিয়ে। এ থেকে বোঝা যায় বাংলার জনগণের প্রতি বেগম খালেদা জিয়ার কোনো ভরসা নেই। তার ক্ষমতায় যেতে হলে জনগণের ভোট লাগে না।
আর জনগণের আস্থা অর্জন করা খালেদা জিয়ার পক্ষে ‘সম্ভব না’ বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, “খালেদা জিয়া আন্দোলনের সামনের কাতারে থাকার কথা বললে বাংলার জনগণ গত ২৯ ডিসেম্বর জনগণের আস্থাবিহীন কর্মসূচি ‘মার্চ ফর ডেমোক্র্যাসির কথা’ স্মরণ করে। সেদিন তিনি সারা বাংলার জনগণকে ঢাকা শহরে আমন্ত্রণ জানিয়ে নিজেই ঘর থেকে বের হননি।”
‘নতুন পরিবর্তনের’ কথা বলে বিএনপি নেত্রী ‘নতুন করে হাওয়া ভবন তৈরির’ ইঙ্গিত দিচ্ছেন কিনা- এমন প্রশ্নও করেন নানক।
