এ্যানি ও টুকুর বহিষ্কার চেয়ে পদবঞ্চিতদের স্লোগান
ছাত্রদলের নতুন কমিটি পুনর্গঠন এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর বহিষ্কার চেয়ে নয়া পল্টনে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা।
সোমবার বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এ সময় তারা এ্যানি ও টুকুর বহিষ্কারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে তরিকুল ইসলাম টিটু, তরুন দে, ফেরদৌস হাসান মুন্না প্রমুখ সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে পদবঞ্চিতরা আসতে পারেন এমন খবরে সকাল থেকেই ছাত্রদলের সভাপতি রাজি আহসানের নেতৃত্বে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
তবে পদবঞ্চিতরা কার্যালয়ের সামনে এলে নতুন কমিটির নেতাকর্মীদের কার্যালয়ের চতুর্থ তলায় চলে যেতে দেখা যায়।
পদবঞ্চিতদের এক নেতা মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা প্রতিদিন কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করব। এরপর ২০ নভেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকীর পর আমরা নতুন কর্মসূচি দেব।”
গত ১৪ অক্টোবর বিএনপির রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন।
এরপর থেকেই পদবঞ্চিতরা নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছে। তারা দলের কার্যালয়ে হামলা ও প্রধান ফটকে স্থাপিত জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলে।
এ ঘটনায় বিএনপির সাবেক ছাত্র নেতা আনিসুর রহমান খোকনসহ তিন জনকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া আট জনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
