মানহানির মামলায় তারেকের বিরুদ্ধে সমন
মানহানির একটি মামলায় লন্ডনে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমানকে তলব করেছে ঢাকার একটি আদালত।
ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক মনির খান সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন।
মহানগর হাকিম রেজাউল করিম বাদীর জবাবনবন্দি শুনে তারেক রহমানকে আগামী ১০ ডিসেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারমান তারেক রহমান গত ৭ নভেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ আখ্যায়িত করে বলেন, তিনি ‘পাকিস্তানি পাসপোর্টে’ দেশে ফিরে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন এবং এ কারণে তার বিরুদ্ধে ‘দেশদ্রোহিতার মামলা’ হওয়া উচিৎ।
ওই প্রসঙ্গ উল্লেখ করে বাদী তার আর্জিতে বলেন, তারেকের বক্তব্যে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সম্মানহানি করা হয়েছে।
ওই বক্তব্যের কারণে ঢাকা, যশোর ও শেরপুরের আদালতে আরো কয়েকটি মামলা হয়েছে তারেকের বিরুদ্ধে, যার মধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগও রয়েছে।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমান গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে প্রায় এক ডজন দুর্নীতির মামলা হয়।
সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের সেপ্টেম্বর মাসে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান তিনি। স্ত্রী-সন্তান নিয়ে তখন থেকে সেখানেই রয়েছেন তারেক।
