২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে জঙ্গি বানানোর চেষ্টা চলছে: ফখরুল

বিএনপিকে 'জঙ্গি ও মৌলবাদী' দল হিসেবে পরিচিত করানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 10:02 PM

Updated : 25 Apr 2022, 04:58 PM

রোববার বিকালে নীলফামারী সদরে এক সভায় তিনি বলেন, “ছিয়ানব্বইয়ের আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান হয়েছিল। জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমান আওয়ামী লীগেরই র্শীষ নেতার নিকটাত্মীয়।

“বিএনপি সরকার জঙ্গিদের ধরে বিচার করেছে। বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদে বিশ্বাস করে না। সরকার বিএনপিকে জঙ্গি ও মৌলবাদী বানানোর চেষ্টা করছে।”

স্থানীয় টাউন হলে বিএনপির সৈয়দপুর ‘রাজনৈতিক জেলা’ কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফখরুল।

তিনি বলেন, “জামায়াতের সাথে বিএনপির জোট নির্বাচন ও আন্দোলন ভিত্তিক। অতীতে আওয়ামী লীগও জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে আন্দোলন করেছিল।পঁচানব্বই সালে আওয়ামী লীগ জামায়াতকে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল।”

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমরা (বিএনপি) যে অভিযোগ করে আসছি তার প্রমাণ পেয়েছে দেশবাসী। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের খোলস উন্মোচন করে দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম।”

আন্তর্জাতিক মহলে ৫ জানুয়ারির নির্বাচন ‘গ্রহণযোগ্য পায়নি’ দাবি করে মির্জা ফখরুল বলেন,  “শনিবারও ভারতীয় কূটনীতিকরা নির্বাচন নিয়ে নানা মন্তব্য করেছেন।”

নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে।

সৈয়দপুর বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় সদস্য আখতারুজ্জামান মিয়া, আলমগীর সরকার, বিলকিস ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী ও সৈয়দপুর বিএনপির সদস্য সচিব আমজাদ হোসেন সরকার বক্তব্য দেন।

নীলফামারী জেলা বিএনপিসহ রংপুর বিভাগের আট জেলার নেতারা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।