২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয়েছে: মাহবুব

৫ জানুয়ারির নির্বাচনের পর এখন স্বৈরতন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 07:27 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

শনিবার রাজশাহী মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর এক যৌথ সভায় তিনি বলেন, “দেশে এখন গণতন্ত্র বলে কিছু নেই।

“৫ জানুয়ারির নির্বাচনের পর গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে। গণতন্ত্র আজ স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয়েছে।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যে ৫ জানুয়ারির ‘ষড়যন্ত্রের’ নির্বাচন এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন সাবেক সেনাপ্রধান মাহবুব।

খালেদা জিয়ার নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সময় এসে গেছে লুপ্ত গণতন্ত্রকে পুনরুদ্ধার করার। এজন্য সকল ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে আগামী দিনের আন্দোলন কর্মসূচি সর্বাত্মক সফল করতে হবে।”

বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে প্রতিনিধি সভায় দলের সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বক্তব্য রাখেন।