২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জোর করে’ ছাত্রদলে দুই বছর

তালিকাভুক্তির দুই বছর পর ‘জোর করে’ কমিটিতে নাম ঢোকানোর প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের রাজনীতি বর্জনের ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির তিন নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 12:15 AM

Updated : 22 Aug 2022, 07:51 PM

সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন।

নাম প্রত্যাহারকারী ছাত্রদলের নেতারা হলেন, হূমায়ন আহম্মেদ, মো. ওমর ফারুক ও মো. মুজাহিদুল ইসলাম। এরা প্রত্যেকেই শহীদ সালাম বরকত হল কমিটির যুগ্ম আহবায়ক ও প্রাণীবিদ্যা বিভাগের ৪০ তম ব্যাচের শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে বক্তব্যে তারা বলেন, তাদের কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। ২০১২ সালে তাদের ‘ইচ্ছার বিরুদ্ধে’ ছাত্রদলের হলের আহ্বায়ক কমিটিতে তালিকাভূক্ত করা হয়েছিলো। তারা তখন মৌখিকভাবে এর বিরোধিতা করেছিলেন।

তা সত্ত্বেও আহ্বায়ক কমিটিতে নাম থাকায় সংবাদ সম্মেলন করে তা প্রত্যাহার করে নিচ্ছেন বলে জানান তারা।  

ওই তিন শিক্ষার্থী জানান,  ছাত্রদলের কমিটিতে নাম থাকার কারণে গত ২৬ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের কনিষ্ঠ ছাত্রলীগ কর্মীরা তাদের হল থেকে বের করে দেয়।

এর প্রেক্ষিতেই কমিটি থেকে নিজেদের নাম প্রত্যাহারের দাবি জানিয়ে রাজনীতি বর্জনের ঘোষণা দিচ্ছেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালর শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা অবশ্যই ছাত্রদলের কর্মী। তাদের আগ্রহের কারণেই ছাত্রদলের কমিটিতে তাদের অর্ন্তভুক্ত করা হয়েছে।

“ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কার্যক্রম গতিশীল হওয়ায় আশঙ্কায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য করেছে।”

ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের কোন ভয়ভীতি দেখানো হয়নি। বরং বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য এটা ছাত্রদলেরই ষড়যন্ত্রের একটা অংশ।”