শক্তিশালী সার্ক ফুড ব্যাংক চাই: ডেপুটি স্পিকার
দুর্যোগ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে সার্ক ফুড ব্যাংককে শক্তিশালী করার জন্য সার্কভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
রোববার নেপালের কাঠমুণ্ডুতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়া রিজিওনাল পলিসি ফোরাম অন ডিজাস্টার, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এগ্রিকালচার/ফুড সিকিউরিটি’ শীর্ষক সংলাপে এ আহ্বান জানান তিনি।
সোমবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০০৭ সালে প্রাকৃতিক দুর্যোগ বা খাদ্য সংকট মোকাবেলায় সার্কভুক্ত আটটি দেশকে খাদ্য সহায়তা দিতে সার্ক ফুড ব্যাংক গঠন করা হয়।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের মত অন্যান্য উন্নয়নশীল দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার হচ্ছে। জলবায়ুর বৈচিত্র্য দারিদ্র্য বিমোচনের পথে এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বড় বাধা।
ফাইল ছবি
ফজলে রাব্বী জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে না উঠলে অর্থনৈতিক সমৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক উন্নয়ন সম্ভব নয়। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখা প্রয়োজন।
সার্ক রিজিওনাল ফান্ড গঠন করা, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা ও বিপর্যয় পরবর্তী ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সমর্থন, সার্ক ইমার্জেন্সি টিম গঠন এবং সার্ক ডিজাস্টার সেন্টার বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন তিনি।
“সার্ক ফুড ব্যাংক প্রতিষ্ঠিত হলেও এটি আশানুরূপ কার্যকরী ভূমিকা রাখছে না। সার্ক সম্মেলনে যে সব চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং তার সঠিক ও কার্যকরী পদক্ষেপ নিশ্চিত করা উচিত।”
সার্ক খাদ্য ব্যাংককে আরো বেশি কার্যকরী ও শক্তিশালী করতে সার্ক নেতৃত্বদানকারীদের প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার।
