২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাকর্মীদের মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো

সব আসামি হাজির না হওয়ায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকসহ ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 09:42 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সোমবার আসামিপক্ষের সময়ের আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া আগামী ১৫ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন।

আদালতে বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) শফিউল আলাম প্রধানসহ ৭৮ আসামি উপস্থিত ছিলেন।

আসামিদের আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করে আদালতে বলেন, “আমাদের অধিকাংশ নেতাকর্মী বিভিন্ন কাজে আসতে পারেননি।”

Image
জয়নুল আবদিন ফারুক, ফাইল ছবি

জয়নুল আবদিন ফারুক, ফাইল ছবি

আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ঠিক করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ১১ মার্চ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনায় পরদিন পল্টন থানার এসআই জাহাঙ্গীর হোসেন দ্রুতবিচার আইনে ১৫৪ জনকে আসামি করে মামলা করেন।

ওই বছরের ২৪ মার্চ একই থানার এসআই মাহমুদুল হাসান অভিযোগপত্র দেওয়ার পর ২৫ অগাস্ট অভিযোগ গঠন করে আদালত।

মামলার আসামিদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও রয়েছেন।