‘সংহতির’ কর্মসূচিতেও ‘বিভক্ত’ যুক্তরাষ্ট্র বিএনপি
ঐক্য তৎপরতা ভেস্তে যাওয়ার পর চার ভাগে বিভক্ত হয়েই ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালন করেছে বিএনপির যুক্তরাষ্ট্র শাখা। নিউইয়র্কে কাছাকাছি দূরত্বে এসব কর্মসূচি পালিত হয়।
পঁচাত্তরের ৩ নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থানের পর পাল্টা অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ৭ নভেম্বর মুক্ত হন, আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দল জাসদেরও সক্রিয়তা ছিল সেদিন।
বর্তমানে আওয়ামী লীগের জোটশরিক জাসদ এই দিনটিকে ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে পালন করে। আওয়ামী লীগ পালন করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে, বিএনপির চোখে দিনটি ‘বিপ্লব ও জাতীয় সংহতি দিবস’।
বিভিন্ন গ্রুপে এ দিবস পালনের কারণ মূলত যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটিতে পদ পাওয়ার দ্বন্দ্বে বছরখানেক ধরে নেতাদের বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়া। 'ঐক্য গঠনে' তারেক রহমানের পাঠানো বিশেষ দূতের সামনেই গত ১৪ অক্টোবর রাতে নিউইয়র্কের এক হোটেল লবিতে মারামারিতেও জড়ান দলটির বিভ্ক্ত প্রবাসী নেতারা।
সর্বশেষ গত ১৯ অক্টোবর রাতে যুক্তরাষ্ট্র বিএনপির পাঁচটি গ্রুপ 'ঐক্য প্রক্রিয়ায়' বিশেষ দূত মাহিদুর রহমানের সঙ্গে বৈঠকে বসলে সেটি মারামারি ও হাতাহাতি পণ্ড হয়ে যায়।
‘বিপ্লব ও জাতীয় সংহতি দিবস’ উপলক্ষে ৯ নভেম্বর নিউইয়র্কের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসে বিএনপির ব্যানারে র্যালি অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বাংলাদেশ’ সঙ্গীতের সাথে র্যালিটি খাবার বাড়ি চত্বর থেকে ডাইভারসিটি প্লাজায় গিয়ে শেষ হয়।
র্যালিতে সঙ্গীতে নেতৃত্ব দেন জাসাস নেত্রী বেবী নাজনীন। শেষে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বে এক মোনাজাতের পর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
দ্বিতীয় গ্রুপে যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি যৌথভাবে এক আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে।
যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের সমাবেশে বক্তব্য রাখছেন অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের আলোচনা সভায় বক্তব্য রাখছেন আকতার হোসেন বাদল।
আলোচনায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও তারেক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকতার হোসেন বাদলের সভাপতিত্বে তারেক পরিষদের মহাসচিব জসীমউদ্দিন, সহসভাপতি শহীদুল্লাহ পাটোয়ারি, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন ও অন্যরা অংশ নেন।
সমাবেশে বক্তারা পঁচাত্তরের ৭ নভেম্বরের চেতনায় বাংলাদেশকে 'বাকশালী শাসনে' ফিরিয়ে নেওয়ার যেকোনো 'ষড়যন্ত্র' রুখে দেওয়ার সংকল্প ব্যক্ত করেন। এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে সরকারের বিষোদগারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
দিবসটি পালন উপলক্ষে তৃতীয় গ্রুপের আয়োজনে হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন নিউইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীনসহ অন্যরা তাতে বক্তব্য রাখেন।
বাংলাদেশে স্বৈরাচারী কর্মকাণ্ড চলছে দাবি করে এ সমাবেশে বক্তারা বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক মহলকে সজাগ করার সময় এসেছে।
চতুর্থ গ্রুপের সমাবেশ হয় ৮ নভেম্বর শনিবার ব্রুকলিনে। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্ববায়ক মজিবুর রহমান মজুমদার।
আলোচনায় অংশ নেন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, আব্বাস উদ্দিন দুলাল, রকিবউদ্দিন দুলাল, সানাউল্লাহ বাবুল, জাসাস সভাপতি আবু তাহের, আব্দুস সবুর প্রমুখ।
