২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইতে তারেককে নোটিস

বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’ করায় বিএনপি নেতা তারেক রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলে উকিল নোটিস দিয়েছেন এক আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 01:20 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী আইনজীবী পরিষদের নেতা মোমতাজ উদ্দিন মেহেদীর এই নোটিস রোববার রেজিস্ট্রি ডাকে তারেক রহমানের গুলশানের ঠিকানায় পাঠানো হয়।

এতে বলা হয়, “আপনি স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহী ও পাকবন্ধু বলে এবং পাকিস্তানের নাগরিক আখ্যা দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন। এই অপরাধ রাষ্ট্রদ্রোহিতার শামিল।”

ওই বক্তব্যের জন্য সাত দিনের মধ্যে ক্ষমা না চাইলে তারেকের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করার কথাও বলেছেন মোমতাজ।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারমান গত বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘পাকিস্তানি পাসপোর্টে’ দেশে ফিরে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন এবং এ কারণে তার বিরুদ্ধে ‘দেশদ্রোহিতার মামলা’ হওয়া উচিৎ।

মোমতাজ উদ্দিন মেহেদী তার পাঠানো নোটিসে বলেছেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে তারেকের বাবা জিয়াউর রহমান মেজর জেনারেল হতে পারতেন না।

“ওই বক্তব্য দিয়ে আপনি নিজেকে একজন অপরিপক্ক ও ইঁচড়েপাকা ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারমান হওয়া সত্ত্বেও আপনার মধ্যে কোনো রাজনৈতিক সংস্কৃতি খুঁজে পাওয়া যাচ্ছে না।”

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমান গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে প্রায় এক ডজন দুর্নীতির মামলা হয়।

সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের সেপ্টেম্বর মাসে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান তিনি। স্ত্রী-সন্তান নিয়ে তখন থেকে সেখানেই রয়েছেন তারেক।

পুরনো খবর:

বঙ্গবন্ধুর বিরুদ্ধে ‘দেশদ্রোহিতার’ মামলার দাবি তারেকের
তারেক ইঁচড়ে পাকা, কাপুরুষ: হাছান মাহমুদ