২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলন নির্ধারিত সময়ে: সৈয়দ আশরাফ

নির্ধারিত সময়েই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 08:31 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার বিকালে ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে জেলাগুলোর চলমান সম্মেলন নিয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর দলের মুখপাত্র আশরাফ সাংবাদিকদের বলেন, “আমরা অচীরেই জেলা সম্মেলনগুলো শেষ করে জাতীয় সম্মেলন করবো।

“নির্ধারিত সময়েই জাতীয় সম্মেলন হবে।”

১০১২ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন বছরের মধ্যে আওয়ামী লীগের পরবর্তী সম্মেলন হওয়ার কথা রয়েছে।

সৈয়দ আশরাফ বলেন, “কতগুলো সম্মেলন হয়েছে, কতগুলো হওয়ার পথে এবং কবে বাকি সম্মেলন শেষ হবে- তা প্রধানমন্ত্রী জানতে চান।

অক্টোবরের শেষ সপ্তাহে আওয়ামী লীগের জেলা সম্মেলনগুলো শুরু হয়। এখনো প্রায় ৪০টি জেলা সম্মেলন বাকি রয়েছে।

দলের সাধারণ সম্পাদক বলেন, “আওয়ামী লীগ বিশাল সংগঠন। জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন হচ্ছে।”

খু্ব দ্রুত আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

দলের ঢাকা মহানগর কমিটি ঘোষণা নিয়ে আভ্যন্তরীণ কোনো সমস্যা নেই উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুভাগে ভাগ করে প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্যের জবাবে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে আশরাফ বলেন, “পৃথিবীর কোথাও কোনো মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয় না। যার এই বিষয়ে জ্ঞান নেই, তার অন্য বিষয়ে কি জ্ঞান থাকতে পারে?”

তারেক রহমানকে ‘অর্বাচীন’ও আখ্যা দেন আশরাফ।

এসময় তার পাশে বসা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, “একটা উম্মাদের কথা মিডিয়া প্রচার করে কেন? এই উম্মাদের কথা মিডিয়ায় প্রচার করার কোনো মানে নেই।”