২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা নিবেদন

সাত নভেম্বর স্মরণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 01:40 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

তিনি শুক্রবার বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে যান এবং পুস্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে শনিবার বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। গতবারও ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছিল বিএনপি।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়; জিয়া হন গৃহবন্দি।

৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। আর এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক।

বিএনপি এই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসাবে পালন করে।

দিবসটি উপলক্ষে ভোরে নয়া পল্টনে দলীয় কার্যালয় এবং গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপির পক্ষ থেকে সংবাদপত্রে ক্রোড়পত্রও প্রকাশ করা হয়।

জিয়ার করবে শ্রদ্ধা নিবেদনের পর মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস কবর প্রাঙ্গনে রক্তদান কর্মসূচির আয়োজন করে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শাহজাহান ওমর, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, নাজিম উদ্দিন আলম, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রথমে ৭ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেওয়া হলেও পরে তা একদিন পিছিয়ে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আবার আবেদন করে বিএনপি।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “অনুমতি পাওয়ার সব প্রক্রিয়া আমরা শেষ করে এখন অনুমতিপত্রের অপেক্ষায় আছি। আশা করি যথাসময়ে তা হয়ে যাবে।”