টানা নয়, একদিন হরতাল ডেকেছে জামায়াত
মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ের পর তার মুক্তির দাবিতে এক দিনের হরতাল ডেকেছে তার দল জামায়াতে ইসলামী, যারা আর একটি ফাঁসির রায় হলে সপ্তাহজুড়ে টানা হরতালের হুমকি দিয়েছিল।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার ঘণ্টাখানেক পর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই হরতালের ঘোষণা দেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “মীর কাসেম আলীসহ আটক জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল পালিত হবে। ”
এর আগে দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর তিন দিন হরতালের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী, যার দ্বিতীয় দিনের কর্মসূচির মধ্যেই মীর কাসেমের রায় আসে।
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৯৮৫ সাল থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অর্থাৎ মজলিসে শুরার এই সদস্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতনের আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে এবং দুটি আংশিক প্রমাণিত হয়েছে।
মকবুল আহমাদ বিবৃতিতে বলেন, “আদালত সরকারের দায়ের করা মিথ্যা মামলায়, সাজানো সাক্ষীর ভিত্তিতে আজ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে রায় ঘোষণা করেছেন তা একটি ন্যায়ভ্রষ্ট রায়। এ রায়ে মীর কাসেম আলী ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।”
জামায়াতের দাবি, রাষ্ট্রপক্ষ যে সময় যে স্থানে মীর কাসেমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে, কাসেম সে সেময় সেখানে ছিলেনই না। তিনি তখন ছিলেন ঢাকায়, চট্টগ্রামে নয়।
“সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিচারের নামে যে প্রহসনের আয়োজন করেছে, দেশে-বিদেশে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। সরকারের মন্ত্রী ও দলীয় নেতাদের বক্তব্যে প্রতীয়মান হয় যে, আদালতের বিচার কার্যক্রম সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।”
বৃহস্পতিবার হরতাল ছাড়াও আটক নেতাদের মুক্তির জন্য মঙ্গলবার আশুরার দিন দেশব্যাপী দোয়া অনুষ্ঠান ও দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াত।
