২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা করেছে সরকারের এজেন্ট: ফখরুল

ছাত্রদলের কোন্দলের মধ্যে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের ‘এজেন্টদের’ দায়ী করার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2014, 04:32 PM

Updated : 22 Aug 2022, 07:21 PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক আলোচনা সভায় বলেন, “গত দুই দিনে সরকারের মদদপুষ্ট কিছু এজেন্ট পার্টি অফিসে আক্রমণ ও বোমাবাজি করেছে। এতে ৩০ জনের বেশি আহত হয়েছে।

“ওই সময়ে কার্যালয়ের কাছে কোনো পুলিশ ছিল না। এজেন্টদের জন্য তখন এটি ফ্রি জোন ছিল।’’

গত ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদককে করে ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর দিন থেকে নয়া পল্টনে বিক্ষোভ চালিয়ে আসছিল পদ না পাওয়া নেতা ও তাদের সমর্থকরা।

গত রোববার নতুন কমিটির নেতারা কার্যালয়ে গেলে বিক্ষুব্ধরা হামলা চালায়। এসময় বিএনপি কার্যালয়ে ভাংচুর চলে, কয়েকটি হাতবোমাও ফাটানো হয়।

ভাংচুর-মারামারির পর রোববার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে ছাত্রদলের বিক্ষুব্ধরা তাদের কর্মসূচি স্থগিত করে।

মারামারির ওই ঘটনায় পুলিশ রোববার রাতে একটি মামলা দায়ের করে, যাতে ভাংচুর, বোমা বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতপরিচয় ৮০/৯০ জনকে আসামি করা হয়।

এদিকে সন্দেহজনক সমাবেশের অভিযোগে মঙ্গলবার সকালে নয়া পল্টন ও বিএনপি অফিসের আশেপাশের এলাকা থেকে ছাত্রদলের উভয় পক্ষের ২২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এরপর দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় ফখরুল অভিযোগ করেন, “শুনেছি সকালে পার্টি অফিসের সামনে পুলিশ ও জলকামানের গাড়ি অবস্থান নিয়েছে। ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে তুলে নিয়ে গেছে পুলিশ। যখনই ছাত্রদলের নেতা-কর্মীরা পার্টি অফিসে আসছে, তখনই পুলিশ তাদের গ্রেপ্তার করছে।”

সরকার বিএনপিকে সাংগঠনিক কার্যক্রম চালাতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন ভারপ্রাপ্ত মহাসচিব।

“ঘরের ভেতরে বসে মতবিনিময় করতেও দেয়া হচ্ছে না। অবস্থা দেখে মনে হচ্ছে, দেশে জঘন্যতম স্বৈরশাসন চলছে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নিজেদের ‘পতন আসন্ন’ বুঝতে পেরেই ক্ষমতাসীনরা ‘বড় বড়’ কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন ফখরুল।

“চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে সরকার মানুষের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালিয়ে দেশকে এক অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে।’’

বিএনপির শীর্ষ নেতাসহ সবার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন, “আমার বিরুদ্ধে ২৪টি মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে।”

ভাষা সৈনিক আবদুল মতিন স্মরণে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সরকার এই ভাষা সৈনিকের মৃত্যুর পর ‘যথাযথ সন্মান’ দেখায়নি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মুর্তজার সভাপতিত্বে অন্যদের মধ্যে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মোবিন, জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, ডিএল-এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, কল্যাণ পার্টির সহসভাপতি শাহিদুর রহমান তামান্না আলোচনায় অংশ নেন।

প্রেসক্লাবের অনুষ্ঠান শেষ করে মির্জা ফখরুল দলীয় কার্যালয়ে যান। পরে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানও অফিসে যান।