‘হরতালে নৈরাজ্য ঠেকাতে’ অ্যানেসথেসিয়া প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী
হরতালে পুড়িয়ে মানুষ হত্যা করে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ‘অ্যানেসথেসিয়া’ ব্যবহার করে ঘুম পাড়িয়ে রাখতে চান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার রাজধানীতে অ্যানেসথেসিয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে যারা হরতাল ডাকে, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে, দুর্নীতি করে, ভেজাল ওষুধ তৈরি করে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়ার মতো অ্যানেসথেসিয়া প্রয়োজন। তা না হলে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা বন্ধ হবে না।”
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সব চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নাসিম বলেন, “আমি একজন রাজনীতিবিদ, রাজনীতিবিদ হিসাবে আমি একটা আদর্শ বিশ্বাস করি। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমার কোনো দল নেই। যারা ভালো চিকিৎসক আমি তাদের সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই।”
ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
“উন্নত দেশে ইবোলার সংক্রমণ ঘটলেও বাংলাদেশের চিকিৎসকরা ইবোলা সংক্রমণ রোধে সফল হবেন।”
বিমান বন্দরে অবতরণ করা সব যাত্রীর কোনো স্বাস্থ্যগত পরীক্ষার জন্য শিগগিরই থার্মস্ক্যানার আনা হবে বলে জানান নাসিম।
১৬৮তম অ্যানেসথেসিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এ বি এম মাকসুদুল আলম। সভায় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে অ্যানেসথেসিয়া দিবসের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে সকালে দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী মহাখালীর আইসিডিডিআর,বির সাসাকাওয়া মিলনায়তনে কুষ্ঠরোগ গবেষণা কর্মশালায় উদ্বোধন করেন।
তিনি বলেন, আধুনিক চিকিৎসা কুষ্ঠরোগকে পরাজিত করতে সক্ষম হয়েছে। তারপর এই রোগে আক্রান্তদের চিকিৎসায় মানসিক দৃষ্টিভঙ্গীকে সম্পৃক্ত করা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বক্তব্য রাখেন।
