২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফকে ফিরতে হবে নিজ দায়িত্বে: কাদের

লতিফ সিদ্দিকীর কোনো দায় সরকার নেবে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে ফিরতে হলে তাকে নিজের দায়িত্বে ফিরতে হবে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 02:55 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরামের পদ হারানো লতিফ সিদ্দিকী বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন।

ওই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার এক ডজনেরও বেশি মামলা হয়েছে। এক মামলায় তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করতে নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

এদিকে ইন্টারপোলের মাধ্যমে এই মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তারে ২২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে হরতালের হুমকি দিয়েছে ইসলামপন্থী কয়েকটি সংগঠন।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার টাঙ্গাইলের কালিহাতীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী কাদের বলেন, “আব্দুল লতিফ সিদ্দিকী দেশে ফিরলে তার নিজ দায়িত্বে ফিরতে হবে। সরকার তার দায় নিবে না।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কালিহাতীতে জয়দেবপুর-টাঙ্গাইল জাতীয় মহাসড়কে একটি সেতু উদ্বোধনের পর তিনি বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অপসারণ করা হয়েছে। সর্বশেষ তার দলের প্রাথমিক সদস্য পদ বাতিল কেন বাতিল করা হবে না-তা জানতে আওয়ামী লীগের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়েছে।

“তার জবাব যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য না হলে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদও থাকবে না লতিফ সিদ্দিকীর,” বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের।

গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের ঘোর বিরোধী। এতে শ্রমশক্তি ও অর্থের অপচয় হয়।

তার ওই বক্তব্য ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আলোচনার ঝড় তোলে। বিএনপি ও হেফাজতে ইসলামসহ কয়েকটি রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠন এ নিয়ে আন্দোলনে নামার হুমকি দেয়।

এরপর বিভিন্ন জেলায় দুই ডজনের বেশি মামলা হয় লতিফের বিরুদ্ধে। এর ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে অব্যাহতি দেওয়া হয়। দলে তার প্রাথমিক সদস্যপদ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়েও কারণ দর্শানোর নোটিস পাঠায় আওয়ামী লীগ।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এক মামলায় তাকে গ্রেপ্তারে বুধবার পরোয়ানা জারির আদেশ দেয় ঢাকার একটি আদালত।