মুখোশ পরে খালেদাই ধোঁকা দিচ্ছেন: হাছান মাহমুদ
আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার ‘মুখোশ’ পরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ‘প্রতারণা’’ করছে বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে ক্ষোভ জানিয়েছে আওয়ামী লীগ।
ক্ষমতাসীন এই দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এর পাল্টায় বলেছেন, “আওয়ামী লীগ নয়, আপনিই মুখোশ পরে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর নির্লজ্জ প্রয়াস চালাচ্ছেন।”
হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদার বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন হাছান।
তিনি বলেন, “খালেদা জিয়া আওয়ামী লীগ সম্পর্কে কতিপয় ভিত্তিহীন, রাজনৈতিক শিষ্টাচারবর্জিত বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন, যা নিতান্তই অজ্ঞতাপ্রসূত প্রকারান্তরে মূর্খতা বটে।”
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে আওয়ামী লীগ নেতা বলেন, “ঘেরাটোপ থেকে বেরিয়ে আসুন। দ্বিমুখিতা পরিত্যাগ করুন। গণতান্ত্রিক রাজনীতির চর্চার প্রতি আন্তরিক হন।”
খালেদার কথায় প্রভাবিত ও প্ররোচিত না হতে হিন্দুসহ অন্য ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়ে হাছান বলেছেন, “আপনাদের নিরাপত্তা ও ধর্ম পালনের সমঅধিকার নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সবকিছুই করবে।”
বিতর্কিত টিভি আলোচক পিয়াস করিমের মরদেহ ‘শ্রদ্ধা নিবেদনের জন্য’ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের কর্মসূচির বিষয়ে আওয়ামী লীগের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “বাধা দেওয়াটা গণতান্ত্রিক অধিকার। এ বিষয়ে বলার কিছু নেই।”
