হিন্দুদের বিএনপি করতেও বাধা: খালেদা
আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার ‘মুখোশ’ পরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ‘প্রতারণা’ করছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বিএনপিতে যোগ দিতে হিন্দুদের আওয়ামী লীগ বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠানে খালেদা বলেন, “হিন্দুদের জমি-জমা-মন্দির তারাই (আওয়ামী লীগ) দখল করছে। তারা এমনও বলে, তোরা হিন্দু হয়ে বিএনপি করবি কেন?”
এ সময়ে মঞ্চের সামনে থেকে একজন বলে ওঠেন, “ম্যাডাম, আমরা বিএনপি করি বলে আওয়ামী লীগ আমাদের ‘হিন্দু রাজাকার’ বলে।”
তার কথার সমর্থনে আরও কয়েকজন একই কথা বললে বিএনপি চেয়ারপারসন বলেন, “এ হচ্ছে আওয়ামী লীগ।”
বিএনপির সহযোগী সংগঠন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে এই অনুষ্ঠানে ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মঠসহ বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপের অর্ধ শতাধিক পুরোহিত অংশ নেন।
গাজীপুর, নেত্রকোনা, খুলনা, বরিশাল, সিলেট, শরীয়তপুর, নড়াইল, বরগুনা, বাগেরহাট, রংপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল, নরসিংদীসহ বিভিন্ন জেলার সনাতন ধর্মাবলম্বী নেতা-কর্মীরাও ছিলেন অনুষ্ঠানে।
খালেদা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “আপনাদের বলব, বিএনপির সঙ্গে থাকলে অন্য দলের পার্থক্য বুঝবেন। বিএনপি সব ধর্মের দল।
“আমাদের সময় জনগণের সরকার ছিল, দলীয় কিংবা ব্যক্তিবিশেষের সরকার ছিল না। ভবিষ্যতে আমরা সবাইকে নিয়ে জনগণের সরকার গঠন করতে চাই।”
এই সরকারকে হটাতে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনে হিন্দু সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করেন খালেদা।
চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই হিন্দু সম্প্রদায়ের সদস্যদের বিজয়ার শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, “বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। নিজের ধর্মকে আমরা যেভাবে দেখি, অন্য ধর্মকেও একইভাবে ভালোবাসি।”
আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, “অথচ অন্য অনেক দল আছে, যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে অন্য ধর্মের ওপর হামলা করে অন্য দলের ওপর দোষ চাপায়।
“তাদের ঘর-বাড়ি, মন্দির-উপাসনালয় দখল করে। অর্থাৎ তাদের ওই ধর্ম নিরপেক্ষতা একটি লোক দেখানো বিষয় ছাড়া কিছুই নয়।”
এই প্রসঙ্গে খালেদা পুরান ঢাকায় ছাত্রলীগকর্মীদের হামলায় বিশ্বজিৎ দাসকে হত্যা এবং নারায়ণগঞ্জের অ্যাডভোকেট চন্দন সরকারসহ ৭ খুনের কথাও তুলে ধরেন।
এর বিপরীতে বিএনপির শাসনামলের কথা তুলে ধরে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতার পর রমনা কালীমন্দির গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। আমাদের শাসনামলে ওই মন্দির স্থাপন করেছি।”
এছাড়া মন্দিরভিত্তিক পাঠাগার স্থাপন, মন্দির সংস্কারসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি।
শুভেচ্ছা বিনিময় শেষে আমন্ত্রিত অতিথিদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন বিএনপি চেয়ারপারসন।
অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, সেলিমা রহমান, আহমেদ আজম খান, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, হাবিব উন নবী খান সোহেল, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, মীর সরফত আলী সপু,সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, উপদেষ্টা নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, নিতাই চন্দ্র ঘোষ, অমলেন্দ্র রায় চৌধুরী, দেবাশীষ রায় মধু, নুকুল সাহা, রমেশ দত্ত অনুষ্ঠানে অংশ নেন।
