২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ‘শেষরক্ষা’ হবে না: ফখরুল

সরকারবিরোধী আন্দোলনে একাট্টা হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আস্ফালন করে লাভ হবে না, আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 07:53 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত নাজির উদ্দিন জেহাদের ২৪তম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনা সভায় ফখরুল এ কথা বলেন।

‘জেহাদ স্মৃতি পরিষদ’ নামে একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

১৯৯০ সালের এই দিনে নাজিম উদ্দিন জেহাদ স্বৈরশাসক এইচ এম এরশাদ বিরোধী আন্দোলনে সচিবায়লয় ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণকালে দৈনিক বাংলার কাছে পুলিশের গুলিতে নিহত হন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জেহাদ সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ শাখার ছাত্র দলের সভাপতি ও উপজেলা ছাত্র দলের সহসভাপতি ছিলেন। উল্লাপাড়া থেকে ওই কর্মসূচিতে যোগ দিতে তিনি ঢাকায় এসেছিলেন। নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, “আন্দোলন নিয়ে যারা হতাশা ব্যক্ত করছেন তাদের বলব, ৫ জানুয়ারির নির্বাচনে দেশের ৯৫ ভাগ মানুষ ভোট দেয়নি। কোনমতে- ভোটবিহীন নির্বাচনে গঠিত সংসদ ও সরকারকে মেনে নেওয়া হবে না।” “এই অনৈতিক অবৈধ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। তাদের পায়ের নিচে মাটি নেই। এখনো বোধোদয় না হলে তীব্র আন্দোলনে তাদের পতন ঘটানো হবে।”

আলোচনা সভার এক পর্ায়ে বিএনপি মুখপাত্র শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য পাকিস্তানের মালালা ইউসুফজাই ও ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীকে অভিনন্দন জানান।

আন্দোলন নিয়ে সরকারের মন্ত্রীদের ‘নানামুখী’ মন্তব্যের প্রতি ইংগিত করে তিনি বলেন, “৫ জানুয়ারি আন্দোলনের উদ্দেশ্য ছিল- জনগণ যাতে ভোট বর্জন করে। ৯৫ ভাগ মানুষ ভোট দিতে না গিয়ে প্রমাণ করেছে, আওয়ামী লীগের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জনগণকে বিভ্রান্ত করতে এখন সরকার চিৎকার দিয়ে নানা কথা বলছে। এভাবে আস্ফালন করে কোনও লাভ হবে না।”

ভাষা সৈনিক আবদুল মতিনকে রাষ্ট্রীয় সন্মান না দেওয়ারও সমালোচনা করেন তিনি।

ফখরুল বলেন, “দেশের বরণ্যে ব্যক্তিত্ব ভাষা সৈনিক আবদুল মতিন আমাদের ছেড়ে চলে গেছেন। সারাদেশের মানুষ তাকে সন্মান জানিয়েছে। আমাদের নেত্রী শোক প্রকাশ করেছেন, আমরাও সন্মান জানিয়েছি। কিন্তু সরকার সেই বরেণ্য ব্যক্তিকে যথাযথ সন্মান দেয়নি।”

তিনি বলেন, “আওয়ামী লীগ এমন একটি দল যারা নিজেদের ছাড়া কাউকে চিনে না, সন্মান দিতে জানে না। প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানিকে তারা ভুলে গেছে। সেখানে ভাষা সৈনিক বরণ্যে ব্যক্তিত্ব আবদুল মতিন কিংবা অলি আহাদকে মনে রাখবে না- এটাই স্বাভাবিক।”

মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক এয়ার ভাইস মার্শাল একে খন্দকারের ‘১৯৭১ এর ভেতরে-বাইরে’ বইয়ের প্রসঙ্গ টেনে বিএনপি মুখপাত্র বলেন, ওই বইয়ে সত্য বলায় তাকে এখন আওয়ামী লীগ রাজাকার বলছে।

নব্বইয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, সাইফুদ্দিন আহমেদ মনি, খোন্দকার লুৎফর রহমান, হাবিব উন নবী খান সোহেল, শিরিন সুলতানা,আসাদুল করীম শাহিন, সুলতান সালাহউদ্দিন টুকু, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, আজিজুল বারী হেলাল, ছাত্র দলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, জেহাদের ভাই কে এম বশির প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা এ বি এম মোশাররফ হোসেন।