২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অব্যবস্থাপনায়’ ঘরমুখী মানুষের দুর্ভোগ: বিএনপি

সরকারের ‘অব্যবস্থাপনা ও অপকর্ম’র কারণে ঈদে ঘরমুখী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 04:40 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

রোববার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সরকার শুধুই মিথ্যাচার করছে। জনদুর্ভোগ লাঘবে তাদের কোনো চিন্তা নেই। মহাসড়ক-সড়কের বেহাল অবস্থার জন্য দায়ী ব্যক্তিকে তারা (সরকার) দেশপ্রেমিক উপাধিতের ভূষিত করে। আজকের জনদুর্ভোগ সরকারের অব্যবস্থাপনা ও অপকর্মের ফলশ্রুতি।

“আমরা মনে করি, এই গণবিচ্ছিন্ন সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন তারা জনগণের ওপর বিষফোঁড়ার মতো বসে থাকবে। এদের  হটাতে সবাইকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিংয়ে গ্যাসের দাম বাড়ানোর  সরকারি উদ্যোগেরও বিরোধিতা করেন রিজভী।

তিনি বলেন, “ক্ষমতায় বিভোর, ক্ষমতাবিলাসী রাজার মতোই প্রধানমন্ত্রী দুঃশাসনের অচলায়তন তৈরি করেছেন বলেই জবাবদিহি ও গণতান্ত্রিক সৌজন্যতার তোয়াক্কা না করে, জনস্বার্থ বিবেচনা না করে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছেন। জনগণের ওপর তার যত সব ক্রোধ। সেজন্য তাদের ওপর তিনি (প্রধানমন্ত্রী) প্রতিশোধ নিচ্ছেন।”

গ্যাসের দাম বাড়ালে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী।

গ্যাসের দাম বাড়ালে কোনো কর্মসূচি দেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই আমরা কর্মসূচি দেব। তবে কী ধরনের কর্মসূচি হবে, তা দলের নীতিনির্ধারকরা বসে ঠিক করবেন। যথা সময়ে তা গণমাধ্যমকে জানানো হবে।”

মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, “দেশকে এক ভয়ঙ্কর বন্দীশালায় পরিণত করতে চাচ্ছে এই অবৈধ সরকার। জনগণের ওপর সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বলে জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে। ফ্যাসিজমের সন্ত্রাসবাদী ব্যবস্থা সুবিশাল এক সাঁড়াশি দিয়ে চেপে রেখে জনগণকে কৃতদাস বানানোর চেষ্টা চলছে।”

তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের হওয়া মামলা প্রত্যাহার নিয়ে সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, “১/১১ এর পরে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের হওয়া সাড়ে সাত হাজার মামলা কর্পুর কিংবা হাইড্রোজেন গ্যাসের মতো উড়ে গেল। আর বিএনপির মামলাগুলো সরকার যথারীতি লালন-পালন করে আরো মামলা দিচ্ছে। এভাবে মামলার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।”

সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, মাসুদ আহমেদ তালুকদার, আসাদুল করীম শাহিন, আবদুল সালাম আজাদ, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।