২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

নীলফামারীর জলঢাকা উপজেলায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 10:08 AM

Updated : 22 Aug 2022, 07:15 PM

জেলার সহকারী পুলিশ সুপার এএমএম সাজেদুর রহমান বলেন, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার কৈমারী বাজারে এ সংঘর্ষ হয়।

জলঢাকা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও  কৈমারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদার রহমান লেলিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে বাবু, শাহীনুর, রব্বানী, মানিক, মহির ও আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান পুলিশ কর্মকর্তা সাজেদুর।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, রাতে আব্দুল ওয়াহেদ বাহাদুরের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা কৈমারী বাজারে পূজা মণ্ডপ পরিদর্শনে যান। এ সময় পূর্ব বিরোধের জের ধরে বাহাদুর ও লেলিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, “আমরা কৈমারী বাজারে গেলে লেলিনের নেতৃত্বে ১৫/২০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার চার কর্মী আহত হন।”

তবে বাহাদুরের লোকজনই প্রথমে হামলা করে বলে দাবি কৈমারী ইউনিয়ন যুবলীগ সভাপতি মকছুদার রহমান লেলিনের।

“বাহাদুর ভিজিএফের চাল চুরি করে কালোবাজারে বিক্রি করেছে। যুবলীগের নেতাকর্মীরা এর প্রতিবাদ করলে বাহাদুরের লোকজন আমার লোকজনের ওপর হামলা চালায়,” বলেন তিনি।

হামলায় আহতদের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।

ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে সহকারী পুলিশ সুপার সাজেদুর জানিয়েছেন।