২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জানুয়ারির নির্বাচন ‘সার্কাস’: সুলতান মনসুর

পাঁচ জানুয়ারীর নির্বাচনকে ‘সার্কাস’ বলে অভিহিত করে সরকারকে 'দখলদার' হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 09:13 PM

Updated : 25 Apr 2022, 04:46 PM

শুক্রবার বিকেলে সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘‘পাঁচ জানুয়ারী নির্বাচন নামক যে বিষয়টি বাংলাদেশে সংগঠিত হয়েছে, সেটি কোন নির্বাচন নয়। আইনগতভাবে এ নির্বাচনের ভিত্তি থাকতে পারে।

"কিন্তু নৈতিক ও রাজনৈতিকভাবে এর কোনো ভিত্তি নেই। এটাকে আমি মনে করি 'সার্কাস' মার্কা নির্বাচন হয়েছে। এই সরকার ওই নির্বাচনের মধ্য দিয়ে একটি দখলদার সরকার হিসেবে অব্যাহত রয়েছে। এটি জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, এটি দখলকারী সরকার।"

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে '১১ দফার জাতীয় ঐক্য' মঞ্চের একজন নেতা হিসেবে নিজেকে পরিচিত করতেই মূলত সংবাদ সম্মেলনের আয়োজন করেন মৌলভীবাজার-২ আসন থেকে ১৯৯৬ সালে নির্বাচিত আওয়ামী লীগের  এই সাবেক সাংসদ।

গত সেপ্টেম্বরের শুরুতেই সিপিবি, বাসদ, আ স ম আব্দুর রবের নেতৃত্বাধীন জাসদ ও নাগরিক ঐক্য নিয়ে '১১ দফার ভিত্তিতে জাতীয় ঐক্য মঞ্চ' নামের একটি বিকল্প জোট গঠনের আলোচনা শুরু করেন গণফোরাম সভাপতি কামাল হোসেন।

কিন্তু রব নেতৃত্বাধীন জাসদকে জোটে অন্তর্ভুক্ত করা নিয়ে সিপিবি-বাসদের আপত্তি থাকায় নতুন জোটটি এখনো যাত্রা শুরু করেনি।

সুলতান মোহাম্মদ মনসুর বলেন,‘‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে নির্বাচন হয়েছে তা মানুষ আশা করেনি। এই সংশোধনীর মাধ্যমে মানুষের ভোট দেয়ার স্বাধীনতা খর্ব করা হয়েছে।’’

সুলতান মনসুর বর্তমান সরকার ও আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ‘‘অনেকেই মনে করেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ দল ক্ষমতায় রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন।

"ক্ষমতাসীন দল নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করলেও তারা কখনও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী বা প্রথম প্রধানমন্ত্রী 'বঙ্গতাজ' তাজউদ্দিন আহমদের জন্মবার্ষিকী পালন করেনি।’’

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের 'সংস্কারপন্থি' অংশ হিসেবে পরিচিতি পান সুলতান মনসুর।

২০০৮ সালে ক্ষমতায় আসার পর নতুন আওয়ামী লীগের নতুন কমিটি থেকে আগের কমিটির সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, আব্দুল মান্নানের সঙ্গে বাদ পড়েন সুলতান মনসুরও। ওই কমিটিতে তাদেরকে এমনকি দলের কার্যনির্বাহী সংসদের সদস্যও করা হয়নি।

সংবাদ সম্মেলনে মুজিব আদর্শকে বুকে লালন করেই ‘আওয়ামী লীগার সুলতান মনসুর’ হিসেবেই তিনি জাতীয় ঐক্যের সাথে নিজেকে সম্পৃক্ত করার কথা জানান এই আওয়ামী লীগ নেতা।

সুলতান মনসুর বলেন, তার সামনে এখন দুটি পথ, একটি রাজনীতি ছেড়ে দেয়া, আর অন্যটি রাজনীতিতে সক্রিয় থাকা। মানুষের কাছ থেকে দূরে সরে থাকা সম্ভব না হওয়ায় তিনি দ্বিতীয়টিই বেছে নিয়েছেন।

টানা দুইবার ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগ সুলতান মনসুরকে নির্বাচনে মনোনয়ন দেয়নি।

তিনি বলেন, "২০০৮ সালের নির্বাচনের আগে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে একমাত্র মৌলভীবাজার-২ আসনের তৃণমূল নেতাকর্মীরা একক প্রার্থী হিসেবে তার নাম প্রস্তাব করেছিল। কিন্তু রহস্যজনক কারণে আমাকে মনোনয়ন বঞ্চিত করা হয়।"

"পরবর্তীতে কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদকসহ সকল পদ থেকে আমাকে বাদ দিয়ে 'রাজনৈতিক কারাগারে' বন্দি রাখা হয়। সাড়ে ৬ বছর অপেক্ষায় থেকে শেষ পর্যন্ত জাতীয় ঐক্যের ডাকে শামিল হয়েছি।"

ডাকসুর সাবেক এ নেতার দাবি, গত ৩ সেপ্টেম্বর গণফোরাম, জাসদ (রব), কমিউনিস্ট পার্টি, বাসদ (খালেকুজ্জামান) ও নাগরিক ঐক্যের সমন্বয়ে ঢাকায় যে কনভেনশন হয়েছে সেখানে তিনি 'আওয়ামী লীগের সুলতান মনসুর' হিসেবেই অংশ নিয়েছিলেন।

"আপাতত আমি ওই ঐক্যের সঙ্গেই রাজনীতিতে সক্রিয় থাকবো। তবে যে ফ্রন্টেই আমি থাকি না কেন, আমার পরিচয় হবে আওয়ামী লীগের সুলতান মনসুর।"