২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের সামনেই রংপুর জাপার দুপক্ষে সংঘর্ষ

রংপুর সফররত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের উপস্থিতিতে তাকে বরণ করা নিয়ে দলটির বিবদমান দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 05:49 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

শুক্রবার দুপুরে এরশাদের রংপুরের বাসভবন পল্লীনিবাসের কাছে বিনোদপুর রেলগেটে সদ্যগঠিত জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীদের মুখোমুখি হয় দল থেকে সদ্য অব্যাহতি পাওয়া সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙার সমর্থকরা।

এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে এরশাদের গাড়িবহর গন্তব্য বদলে নগরীর সেনপাড়ায় তার বাবার বাড়ি স্কাই ভিউতে চলে যায়।

দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে দলের চেয়ারম্যানকে বরণে বাধা অভিযোগ তুলেছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় চারদিনে সফরে হেলিকপ্টারে করে রংপুরে আসেন এরশাদ। রংপুর স্টেডিয়ামে নামার জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীরাসহ তার গাড়িবহর পল্লীনিবাসের পথে রওনা হয়।

এরশাদের গাড়িবহর গন্তব্য থেকে ৫০০ গজ দূরে বিনোদপুর রেলগেটে পৌঁছলে রাঙার সমর্থক নেতাকর্মীরা এগিয়ে আসে। তখন দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আধঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় রংপুরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অবস্থা বেগতিক দেখে এরশাদ নগরীর সেনপাড়ায় তার পিতৃবাস স্কাই ভিউতে চলে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবগঠিত জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পার্টির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেই তাকে বরণ করে পল্লীনিবাসে নিয়ে আসার প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্তু রাঙা ও তার সমর্থকরা তাতে বাধা দেন। রাঙার সমর্থকরা জেলা কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার ও মহানগর কমিটির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাকে লাঞ্ছিত করেন।”

উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচ নেতাকর্মী আহত হন বলে দাবি করেন সাবেক সংসদ সদস্য মকবুল।

তবে উল্টো অভিযোগ করে দলের প্রেসিডিয়াম থেকে সদস্য অব্যাহতি পাওয়া রাঙা বলেন, “আমার সমর্থকরা স্যারকে (এরশাদকে) বরণ করার চেষ্টা করলে জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীরা বাধা দেন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।”

সংঘর্ষে তার সমর্থক ১০ নেতাকর্মী আহত হন বলে দাবি করে প্রতিমন্ত্রী রাঙা।  

এবিষয়ে দলের চেয়ারম্যান এরশাদ বলেন, “বড় দলে এরকম ঘটনা হতেই পারে। তবে উভয় পক্ষকে নিয়ে বসে সব ঠিক করা হবে।”

কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।”

গত ১০ সেপ্টেম্বর মসিউর রহমান রাঙাকে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্যপদ থেকে অব্যাহতি দেন এবং তার নেতৃত্বে রংপুর জেলা ও মহানগর কমিটি ভেঙ্গে দেন এরশাদ।

ওইদিনই মোফাজ্জাল হোসেন মাস্টারকে আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফকে সদস্য সচিব করে রংপুর জেলা কমিটি এবং মোস্তাফিজার রহমান মোস্তফাকে আহ্বায়ক ও এস এম ইয়াসিরকে সদস্য সচিব করে মহানগর কমিটি গঠন করেন দলের চেয়ারম্যান এরশাদ।

পর দিন রাতে রাঙার সমর্থকরা নগরীর সেন্ট্রাল রোডে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয় দখলে নেন।