লতিফের ‘যাবজ্জীবন’ চান বিএনপির মাহবুব
হজ নিয়ে মন্তব্য করায় আবদুল লতিফ সিদ্দিকীর ‘যাবজ্জীবন শাস্তি’ দাবি করেছেন বিএনপির এক নেতা।
দলটির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, “কেবল মন্ত্রিসভা থেকে তাকে সরিয়ে দিলেই চলবে না। কেন তিনি এই ধরনের কথা বললেন- তার তদন্ত করতে হবে। বিচার করে আইন অনুযায়ী তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে।”
আরবে এমন ঘটনা ঘটলে ‘শিরশ্ছেদ হতো’ বলেও তিনি মন্তব্য করেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব চালিয়ে আসা লতিফ সিদ্দিকী গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের বিরোধী। তার যুক্তি, এতে শ্রমশক্তির অপচয় হয়, উৎপাদনে প্রভাব পড়ে।
তার ওই বক্তব্য নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন জেলায় অন্তত দুই ডজন মামলাও হয়েছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে, ওই মন্তব্যের কারণে লতিফকে মন্ত্রিসভা ও দল থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান বলেন, “আজ পবিত্র হজ। এটি ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। এই হজকে নিয়ে আবদুল লতিফ সিদ্দিকী যে ভাষায় কথা বলেছেন, তার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিৎ। কারণ ওই মন্ত্রী মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছেন।”
জাতীয়তাবাদী নাগরিক দল ‘বিচার বিভাগ, গণতন্ত্র ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।
মাহবুবুর রহমান বলেন, এমন একটি সংসদ থেকে বর্তমান সরকার গঠন করা হয়েছে, যার সদস্যদের সঙ্গে ‘জনসম্পৃক্ততা’ নেই।
“এটা জনপ্রতিনিধিত্বহীন সংসদ। এইরকম একটি সংসদের হাতে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা দেয়া হয়েছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।”
দেশে গণতন্ত্র ‘ফিরিয়ে আনতে’ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে এই বিএনপি নেতা বলেন, “এই দাবিতে আমরা আন্দোলন করছি। দল-মত নির্বিশেষে সবাইকে এ আন্দোলনে শরিক হতে হবে। ’’
সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হায়দার আলী, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এই আলোচনা সভায় বক্তব্য দেন।
