২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নয়, সরকার জঙ্গি নিয়ে চিন্তিত: কাদের

বিএনপির আন্দোলনের ডাকে নয়, বরং আন্তর্জাতিক কিছু জঙ্গি সংগঠনের বাংলাদেশে ‘নেটওয়ার্ক বিস্তারের ডাক’ নিয়ে সরকার চিন্তিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2014, 04:12 PM

Updated : 25 Apr 2022, 04:45 PM

সোমবার দুপুরে সাভারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নির্মিত একটি ফুটওভার ব্রিজ উদ্বোধন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিএনপি অদূর ভবিষ্যতে সরকার পতনের মতো আন্দোলন গড়ে তুলতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। এজন্য বিএনপির আন্দোলনের ডাক সরকার আমলেও নেয়নি।”

তবে বাংলাদেশসহ ভারতীয় উপ মহাদেশে আল কায়েদার কর্মকাণ্ড বিস্তৃত করার সাম্প্রতিক ঘোষণায় সরকার ‘চিন্তিত’ বলে মন্তব্য করেন কাদের।    

“বর্তমান সময়ে আন্তর্জাতিক উগ্রবাদী কিছু সংগঠন সাউথ এশিয়ায় নেটওয়ার্ক বিস্তারের পাঁয়তারা করছে। বাংলাদেশও তাদের টার্গেটে রয়েছে। কীভাবে তাদের প্রতিরোধ করা যায় আমরা সেটা নিয়ে ভাবছি।”

ঈদ ও পূজা সামনে রেখে সড়ক-মহাসড়ক মেরামতসহ ‘সব ধরনের প্রস্তুতি’ নেয়া হয়েছে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “যেখানে এখনও ঘাটতি রয়েছে সেগুলো ঈদ ও পূজার আগেই ঠিক হয়ে যাবে।”

স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।