শরীয়তপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।
শনিবার সকালে উপজেলান কুচাইপট্টি ইউনিয়নে এক মত বিনিময় সভায় এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নান্টু খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা ছাত্রদলের সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউয়ুম ইসলাম জানান, অগাস্ট মাসের শেষের দিকে ঢাকায় বসে গোসাইরহাট উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এতে তারেক আজিজ মোবারক ঢালীকে সভাপতি ও আকতার হোসেন নান্টু খানকে সাধারণ সম্পাদক করা হয়।
তিনি বলেন, সকালে নতুন কমিটির নেতারা কুচাইপট্টি বাজারে এক মতবিনিময় সভা করতে যান। এর কিছুক্ষণ পর পদবঞ্চিত পক্ষের নেতারা কমিটি বাতিলের দাবিতে সেখানে স্লোগান দিতে থাকে। এ নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা এক পযায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে আকতার হোসেন নান্টু খানসহ পাঁচজন আহত হয়।
এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা বিএনপির সভাপতি তারিক আজিজ মোবারক ঢালী বলেন, “আমরা কুচাইপট্রি বিএনপির লোকজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন মহিতুল গনি মিন্টু সরদারের সমর্থক সুলতান সরদারের নেতৃত্বে আমাদের উপর আক্রমণ করে।”
গোসাইরহাট থানার ওসি সৈয়দ মান্নান আলী বলেন, কুচাইপট্রিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি।
