২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসআইয়ের মদদে বিএনপি-জামায়াতের নতুন ষড়যন্ত্র: সুরঞ্জিত

শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদদে বিএনপি-জামায়াত ‘নতুন ষড়যন্ত্রে’ লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 05:08 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

এই ‘ষড়যন্ত্র’ প্রতিহত করতে দেশবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “খালেদা জিয়া ও জামায়াত-শিবির চক্র আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আইএসআই এই ষড়যন্ত্রে আছে, বিশ্বের অন্যান্য কয়েকটি গোয়েন্দা সংস্থাও যুক্ত আছে।

“বর্তমান সরকারকে উৎখাত করার জন্য একটা গভীর চক্রান্ত আন্তর্জাতিকভাবে শুরু হয়েছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

অস্থিতিশীলতা সৃষ্টি করে হাসিনা সরকারকে উৎখাত করতে পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থা ভারতীয় সারদা গ্রুপের মাধ্যমে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনগুলোর পেছনে বিপুল অংকের অর্থ ঢেলেছে বলে ভারতীয় গোয়েন্দাদের বরাত দিয়ে সম্প্রতি  গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। 

এ প্রসঙ্গ তুলে খালেদা জিয়ার সাম্প্রতিক দেশব্যাপী সফরকে সেই ‘ষড়যন্ত্রের অংশ’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত।

তিনি বলেন, “ খালেদা জিয়ার আহ্বানে বিএনপি-জামায়াত শিবিরের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে। তবে তা আন্দোলনের জন্য নয়, ষড়যন্ত্রের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য।  

“আমি খালেদা জিয়ার উদ্দেশ্যে বলতে চাই, আপনি ব্যর্থ হবেন। ৫ জানুয়ারির নির্বাচনকে প্রতিহত করতে আপনার ষড়যন্ত্র যেমন ব্যর্থ হয়েছে, এবারও আপনি ব্যর্থ হবেন।”

এই ষড়যন্ত্রের বিরুদ্ধে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রকৃত চেতনাসম্পন্ন বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যয়ী দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানান তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এ আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদেরও এখন অনেক সজাগ থাকতে হবে।”

আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকু, হাজি সেলিম, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী ও বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি এ সভায় বক্তব্য রাখেন ।