২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক নিয়োগ: খালেদার আবেদনে আদেশ রোববার

দুটি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুই আপিলের আবেদনে রোববার আদেশ দেবে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 08:52 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির আদালতে ওই দিনের কার্যতালিকার শীর্ষে রয়েছে খালেদার দুই আবেদন।

শনিবার প্রকাশিত এই কার্যতালিকায় উভয় মামলা রোববারের আদেশের জন্য রাখা আছে। শুনানি শেষ হওয়ার পর গত বৃহস্পতিবার আদেশের জন্য এই দিন রাখা ছিল।

সেপ্টেম্বরের বিভিন্ন দিন এই দুই মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদার পক্ষে ছিলেন এজে মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন প্রমুখ।

ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় গত ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপস্থিতিতে ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেন।

এরপর ওই বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আসেন খালেদা। ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করেন খালেদা।

সোয়া ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা এ দুই মামলা বাতিলের জন্যও হাই কোর্টে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন। কিন্তু তার ওই আবেদনও খারিজ হয়। এ বিষয়ে তার আপিল আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে।

অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি রিভিশন আবেদনও হাই কোর্টে খারিজ হয়। এ সংক্রান্ত দুটি আবেদনও আপিল বিভাগে রয়েছে।

২০১১ সালের ৮ অগাস্ট ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ দুর্নীতি মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয়া হয় ২০১২ সালের ১৬ জানুয়ারি।

তেজগাঁও থানার এ মামলায় ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

অন্যদিকে জিয়া এতিমখানা ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অন্য মামলাটি করা হয়। ২০১০ সালের ৫ অগাস্ট এ মামলার অভিযোগপত্র দেয়া হয়।

এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এ মামলায়।

Image
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ফাইল ছবি)

ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ফাইল ছবি)

পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে আদালতের বিশেষ এজলাস বসিয়ে এই দুই মামলার বিচার চলছে।

জিয়া এতিমখানা ট্রাস্টের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে। আর জিয়া চ্যারিটেবল (দাতব্য) ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সঙ্গে আসামি হিসাবে রয়েছেন আরও তিনজন।

এতিমখানা ট্রাস্ট মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

এদের মধ্যে সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আছেন জামিনে। তারেক উচ্চ আদালতের জামিনে দেশ ছাড়ার পর গত ছয় বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। এ মামলায় তাকে পলাতক দেখানো হয়েছে।

দাতব্য ট্রাস্ট মামলার অন্য আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এদের মধ্যে মামলার শুরু থেকেই পলাতক হারিছ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। খালেদাসহ বাকি দুই আসামি জামিনে রয়েছেন।

পুরনো খবর:

ফের পেছাল খালেদার দুর্নীতি মামলার সাক্ষ্য