‘অবৈধ’ সংসদের সংবিধান সংশোধনের অধিকার নেই: নোমান
বিরোধী দলকে ‘নিশ্চিহ্ন’ করে ক্ষমতা ‘চিরস্থায়ী’ করতে সরকার বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর মহিলা দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় এই অভিযোগ করেন তিনি।
নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর মহিলা দল এই সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, ভোটাধিকার হরণকারী বর্তমান ‘অবৈধ’ সংসদের সংবিধান সংশোধন করার কোনো অধিকার নেই।
“গায়ের জোরে যদি আওয়ামী লীগ এ কাজ করে তাহলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধ করা হবে।”
‘তীব্র থেকে তীব্রতর আন্দোলনের’ হুমকি দিয়ে বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলে গণতন্ত্র ‘পুনরুদ্ধার’ করতে হবে।
“৭৫-এ বাকশাল আওয়ামী লীগকে বাঁচাতে পারেনি। এবারও কোন ছল-চাতুরি আওয়ামী লীগকে পতন থেকে রক্ষা করতে পারবে না।”
বাকশাল করে ২১ বছর সরকার গঠন করতে না পারা আওয়ামী লীগ আবার ক্ষমতাচ্যুত হলে ১০০ বছরেও ক্ষমতায় ফিরতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহিলা নেত্রী জেলী চৌধুরি, রাহেলা জামান, খালেদা বোরহান, আমেনা বাতেন, শাহেদা খানম।
