সংবিধান সংশোধন: এমপিদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে নেতিবাচক প্রচারণার জবাব দিতে দলীয় সংসদ সদস্যদের সোচ্চার থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তিনি এই নির্দেশ দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ।
সংসদীয় দলের বৈঠক শেষে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বলেছেন, যারা এর বিরুদ্ধে সমালাচনা করেন কেন বা কী কারণে করেন, সেটা জনগণের কাছে তুলে ধরতে হবে।”
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনের প্রস্তাব রোববারই সংসদে উত্থাপিত হয়।
বিএনপি এই উদ্যোগের বিরোধিতা করে বলছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ বিচার বিভাগের ওপর তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।
১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় এর উচ্চ আদালতের বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ ও তাদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল।
এর দুই বছর পর ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর (বাকশাল গঠন) মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়।
চতুর্থ সংশোধনী বাতিল হলে জিয়াউর রহমানের সামরিক সরকারের আমলে এক সামরিক আদেশে বিচারপতিদের অভিশংসনের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়।
এখন এই ক্ষমতা আবার সংসদের কাছে ফিরিয়ে নেয়া হচ্ছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে আ স ম ফিরোজ বলেন, “আগে মাত্র ৩ জন মাননীয় বিচারপতিদের অপসারণ করতে পারত। সেখানে এক দুই-তৃতীয়াংশ... যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারকে সিঙ্গেল মেজরিটি দিয়ে অপসারণ করা যায়...দুই-তৃতীয়াংশ মানে প্রায় ২৩৪ জন এমপির অনুমোদনের পরে তাকে সরানো সম্ভব।”
এই বিষয়টি জনগণের কাছে তুলে ধরতে শেখ হাসিনা তার দলের সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন।
ফিরোজ বলেন, “যারা এটার বিরোধিতা করে তারা সবসময় আওয়ামী লীগের সব কাজের সমালোচনা করে। জনগণের স্বার্থের যে কোনো কাজের বিরোধিতা করে।
“তারা এই কারণে এটা মানতে পারেন না যে, এই সংসদে এটা হোক তারা এটা মানতে রাজি নয়। কারণ তারা ১৯৭২ এর সংসদে যারা এটা করেছিলেন, সেই কামাল হোসেন, আমীর-উল ইসলাম... তারা বলে এই সংসদ বৈধ নয়।”
সংসদের চলতি অধিবেশনেই সংবিধানের সংশোধনের প্রস্তাব পাস হওয়ার ‘সম্ভাবনা’ রয়েছে বলেও জানান প্রধান হুইপ।
