উন্নয়নের জন্য গণতন্ত্র চাই: আবে’কে খালেদা
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে বাংলাদেশে আর্থ সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেছেন খালেদা জিয়া।
শনিবার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে গিয়ে বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন।
৫ জানুয়ারির ‘ভোটারবিহীন’ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের আবরণে স্বৈরতন্ত্র চালাচ্ছে বলে বিএনপির অভিযোগ।
৫ জানুয়ারির ওই নির্বাচনের বিষয়টিও জাপানের প্রধানমন্ত্রীর কাছে খালেদা তুলেছেন। ওই নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার কথা জেনেছেন বলে শিনজো আবে জানান খালেদাকে।
দুই দিনের সফরে শনিবার দুপুরে ঢাকায় আসা আবে বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ বৈঠকের পর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। বঙ্গভবন থেকে তিনি সোনারগাঁও হোটেলে ফেরার পর খালেদার সঙ্গে তার বৈঠক হয়।
তাদের বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, “জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও খালেদা জিয়া এক মত পোষণ করেছেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, মানবাধিকার ও আইনের শাসন অপরিহার্য।”
গত ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ওয়াকিবহাল রয়েছেন বলে জানান শমসের।
“জাপান সরকার অবগত রয়েছে যে, গত ৫ জানুয়ারি নির্বাচনে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল অংশ নেয়নি। তিনি (আবে) আশা প্রকাশ করেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আলাপ-আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পারবে, যা বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে।”
সাবেক প্রধানমন্ত্রী খালেদা বৈঠকে জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় গভীর ও বহুমুখী সম্পর্কের কথা উল্লেখ করেন।
শীর্ষ বৈঠকে জাপানের সমর্থনে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর প্রতিক্রিয়ায় সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন বলেন, “১৯৭৮ সালের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নিরাপত্তা পরিষদের সদস্য পদের জন্য জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ বিজয়ী হয়েছিল।”
“তিন বার এই পদে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবারই প্রথম বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করল,” কোনো দিকে না গিয়ে বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান ও শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ বৈঠকে খালেদার সঙ্গে ছিলেন।
