বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা
বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ ২৫ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলায় অজ্ঞাতনামা আরো ২০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক সুলতান মাহমুদ খান রনি বাদি হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন।
সদর থানার ওসি ফায়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নামগুলি বলা যাচ্ছে না।
গত বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে সুলতান মাহমুদ খান রনিসহ ১৫ জন আহত হয়।
