Published : 04 Aug 2026, 06:37 PM
রংপুর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মারামারির রেশ না কাটতেই ঢাকা কলেজে সংঘর্ষে জড়ালেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা ৩টার দিকে কলেজ অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। এতে দুপক্ষেরই কয়েকজন আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে জড়িয়েছে—এমন খবর আসার পরপরই দুপক্ষ মারামারি শুরু করেন। তাতে ২০ জনের মতো আহত হওয়ার ঘটনা ঘটেছে।
এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিলাদ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের আজকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে একটা কর্মী সভা ছিল। আমরা সেখানে যাওয়ার সময় আমাদেরকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বহিরাগত নিয়ে হামলা করে।
“পরে আমরা অধ্যক্ষের কাছে গেলে তারা ক্যাম্পাস দখলের চেষ্টা করে। আমরা তার প্রতিবাদে মিছিল করি। আর এখন ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। আমরা কাউকে ঢাকা কলেজ দখল করতে দেব না।”
মিলাদ হোসেনের ভাষ্য, ঢাকা কলেজের সামনে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ করেন।
তবে ছাত্রদলকে হামলার ঘটনা অস্বীকার করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, “আমাদের আজকে পূর্বঘোষিত শহীদদের জন্য দোয়া মাহফিল ছিল। সেখানে ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে ছাত্রদল হামলা করে। এতে আমাদের অনেকে আহত হইছে।”
বেলা সাড়ে ৫টার দিকে দেখা যায়, কলেজে অবস্থান নিয়েছে ছাত্রদল। আর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা কলেজ, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ।
পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, “এখনো তারা আছে। দুইপক্ষ দুইদিকে।
“আমরা মাঝে আছি। এখন শান্ত থাকলেও আমরা চলে গেলে কি হবে বলা যাচ্ছে না। আমরা আছি।”