১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ড দলে অনেক পরিবর্তন, ফিরলেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড

গত বিশ্বকাপ স্কোয়াডের ১০ জন জায়গা পাননি টমাস টুখেলের এবারের দলে।

ইংল্যান্ড দলে অনেক পরিবর্তন, ফিরলেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড

এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 04:20 PM

Updated : 18 Sep 2026, 05:16 PM

বিশ্বকাপ পরবর্তী প্রথম মিশনে দলে একগাদা পরিবর্তন এনেছেন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল। এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।

আগামী ২৬ সেপ্টেম্বর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের উয়েফা নেশন্স লিগে যাত্রা শুরু করবে ইংল্যান্ড। এবারের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে মোট চারটি ম্যাচ খেলবে তারা।

সেই লক্ষ্যে শুক্রবার বিশ্বকাপের স্কোয়াড থেকে ১০টি পরিবর্তন এনে দল ঘোষণা করেছেন টুখেল।

২০২৫ সালের গ্রীষ্মে লিভারপুল ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। স্পেনে প্রথম মৌসুমে ভুগতে হয় এই রাইট-ব্যাককে। ফলে জাতীয় দলেও আর ডাক পাননি তিনি। আন্তর্জাতিক ফুটবলে ৩৪ ম্যাচের সবশেষটি তিনি খেলেন গত বছরের জুনে, অ্যান্ডোরার বিপক্ষে।

দলে আরও ফিরেছেন চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার কোল পামার ও নিউক্যাসল ইউনাইটেডের লেফট-ব্যাক লুইস হল। বাদ পড়েছেন চেলসি মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন ও ইন্টার মিলানের সেন্টার-ব্যাক জন স্টোন্স।

ডাক পেয়েছেন ব্রাইটনের গোলরক্ষক জেসন স্টিল ও বোর্নমাউথের মিডফিল্ডার অ্যালেক্স স্কট। জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন তারা। বিশ্বকাপের আগে ইংল্যান্ড দলের সঙ্গে অনুশীলন করেন স্কট, যদিও কোনো প্রীতি ম্যাচে খেলা হয়নি তার।

স্পেন ম্যাচের পর, চেকিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের মাঠে খেলবে ইংল্যান্ড। এরপর আবার ঘরের মাঠে চেকিয়ার বিপক্ষে লড়বে গত বিশ্বকাপের তৃতীয় হওয়া দলটি।