২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক অপসারণ ক্ষমতা: মিছিল সমাবেশ করবে ২০ দল

উচ্চ আদালতের বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার উদ্যোগের প্রতিবাদে মঙ্গল ও বুধবার মিছিল সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 12:55 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

Image
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী

এছাড়া জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ‘গুম দিবস’ (ইন্টারন্যাশনাল ডে অব দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স)  পালনে ৩০ অগাস্ট ঢাকাসহ সারাদেশে করা হবে মানবন্ধন।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, মঙ্গলবার সারাদেশে জেলা ও মহানগরে এবং বুধবার ঢাকা মহানগরীর ১৫টি স্থানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে ২০ দল।

“সংবিধানের বিচার বিভাগ পৃথককরণ রাষ্ট্র নিশ্চিত করবে বলা হলেও আদালতের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সংসদে বিচারপতিদের অভিশংসন আইন করা হচ্ছে। এই আইনের দ্বারা কার্যত সব বিচারকের ওপর প্রধানমন্ত্রীর খবরদারি করার ক্ষমতা নিশ্চিত করা হবে।”

বর্তমান সরকার ‘নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখার জন্যই’ ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে সব ধরনের আইন ও নীতিমালা প্রণয়ন করছে বলে অভিযোগ করেন রিজভী।

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে গত ১৮ অগাস্ট সংবিধান সংশোধনের প্রস্তাবে সম্মতি দেয় মন্ত্রিসভা।

১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় উচ্চ আদালতের বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ ও তাদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল। কিন্তু ১৯৭৪ সালে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। চতুর্থ সংশোধন বাতিল হলে জিয়াউর রহমানের সামরিক সরকারের আমলে এক সামরিক আদেশে বিচারপতিদের অভিশংসনের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়।

সংবিধান সংশোধনের প্রস্তাবটি সংসদে পাস হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক অপসারণের নিয়মটি বাদ পড়বে।

রিজভী বলেন, “আমরা মনে করি, এ আইনের দ্বারা মূলত বিচার বিভাগের স্বাধীনতা থাকবে অলঙ্কারের মতো।”

এর আগে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গত ১৭ অগাস্ট রাজধানীতে কালো পতাকা মিছিল এবং জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ১৯ অগাস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে ২০ দল।

নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনে দাবিতে জনমত গঠনের অংশ হিসেবে ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে গণসংযোগের কর্মসূচিও রয়েছে বিএনপি নেতৃত্বাধীন এই জোটের।