গ্রেনেড হামলাকারীদের বিচার করা হবে: নাসিম
একুশে অগাস্ট গ্রেনেড হামলার বিচার শেষ করে প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মোহাম্মদ নাসিম বলেন, “বর্তমান সরকারের আমলে ২১ অগাস্ট গ্রেনেড হামলাসহ সকল অপরাধের বিচার করে প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হবে।
“বিচারে যারা অপরাধী প্রমাণিত হবে তাদের রায় এই সরকারের আমলেই কার্যকর করা হবে।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক নেতা আইভী রহমানের ১০ম মৃত্যুবার্ষিকীতে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, “অতীতের সরকার কোনো হত্যাকাণ্ডের বিচার করেনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জেলখানায় জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ও গ্রেনেড হামলার বিচার হয়নি।
“কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিচার না করার সংস্কৃতি থেকে বের হয়ে এসে পর্যায়ক্রমে সকল হত্যাকাণ্ডের বিচার শুরু করছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য নাসিম বলেন, “যে যতো ষড়যন্ত্রই করুক, আন্দোলন সংগ্রামের কথা বলুক, সকল হত্যাকাণ্ডের বিচার এদেশে হবে এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। কোন অশুভ শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যে ভাই এবং বোনেরা ২১ অগাস্ট গ্রেনেড হামলায় আহত হয়েছেন, যারা ঠিকভাবে চিকিৎসা করতে পারছেন না- তাদের সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে।”
