জাসদ ‘গঠনকারীরা’ স্বাধীনতার বিপক্ষে ছিল: পূর্তমন্ত্রী
জোট শরিক দল জাসদ ‘গঠনকারীরা’ একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন বলে দাবি করেছেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সম্প্রতি সংসদসহ কয়েকটি আলোচনা অনুষ্ঠানে স্বাধীনতার পর জাসদের অবস্থান নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে এই দাবি করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “যারা জাসদ গঠন করেছিল, তারা স্বাধীনতার বিপক্ষে ছিল। আর স্বাধীনতার পরবর্তী সময়ে জামায়াত-শিবির জাসদকে সমর্থন যুগিয়েছিল।”
রোববার ঢাকা বিশ্বাবিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ২১ অগাস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ছাত্রলীগের এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
১৯৭১ সালে বিজয়ের পরের বছর ছাত্রলীগের দুটি অংশের আলাদা কাউন্সিলের পর গঠিত হয় নতুন দল জাসদ। এই দলের তাত্ত্বিক সিরাজুল আলম খান ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা এবং মুক্তিযুদ্ধের সময় গঠিত বিএলএফের নীতি-নির্ধারক।
মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল ছিলেন জাসদের শীর্ষ নেতাদের একজন। মুক্তিযুদ্ধের আগে ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব ও ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজও ছিলেন জাসদ গঠনকারীদের মধ্যে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল জাসদ শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকারে রয়েছে। দলটির সভাপতি হাসানুল হক ইনু তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
“হত্যাকারীরা জিয়ার সম্মতি নিয়েই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এখন তার স্ত্রী জিয়ার অসমাপ্ত কাজ পূর্ণ করছেন।”
সভায় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনি বলেন, “২১ অগাস্ট মানুষের অধিকার, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাসহ পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে।
“বিএনপির রাজনীতি করার অধিকার এ দেশে নেই। যারা ইতিহাস বিকৃত করে, গণহত্যা চালায়, তাদের দলের নাম হওয়া উচিত বাংলাদেশ নৈরাজ্য পার্টি, বাংলাদেশ নৃশংসতা পার্টি।”
ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম, সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।
