ভাষাসৈনিক মতিনের পাশে মির্জা ফখরুল
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ভাষাসৈনিক আব্দুল মতিনকে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুর আড়াইটায় হাসপাতালের আইসিইউতে তার শয্যার পাশে কিছু সময় অবস্থান করে চিকিৎসার খোঁজ-খবর নেন তিনি।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
গত বুধবার বিএসএমএমইউতে আব্দুল মতিনের মস্তিস্কে অস্ত্রোপচার হয়।
তার ভাতিজা ফেরদৌসুর রহমান পিঙ্কু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিউরোলজির বিশেষজ্ঞ অধ্যাপক আফজাল হোসাইনের নেতৃত্বে অপারেশন হয়েছে। তিনি আমাদের বলেছেন, এটি প্রাথমিকভাবে সফল হয়েছে।
“মস্তিষ্কে যেটুকু জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল, তা অপসারণ করা হয়েছে। এখন আমরা জ্ঞান ফেরার অপেক্ষা করছি।”
গত ১৮ আগস্ট সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে মোহাম্মদপুর সিটি হাসপাতালে ভর্তি করা হয় আবদুল মতিনকে।
চিকিৎসকদের বরাত দিয়ে সে সময় তার স্বজনরা জানিয়েছিলেন, স্ট্রোক হওয়ায় আবদুল মতিনের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা আবদুল মতিন মোহাম্মদপুরে পরিবারের সঙ্গে থাকেন। তিনি দুই মেয়ের বাবা।
তার জন্ম ১৯২৬ সালের ৩ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার ধুবলিয়া গ্রামে। ১৯৪৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে নেতৃত্বের ভূমিকার জন্য তাকে ‘ভাষা মতিন’ নামেই চেনে সারা বাংলাদেশ।
ভাষা আন্দোলনের পর ছাত্র ইউনিয়ন গঠনের ভূমিকা রাখা মতিন পরে সংগঠনটির সভাপতি ছিলেন। এরপর তিনি কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় হন।
