সিলেটে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ
সিলেটে একটি বিয়ের অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষে ১৫টির মতো গাড়ি ভাঙচুর ও কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলেও কেউ আহত হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন জানান, সানরাইজ কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির চাচাতো ভাই শরীফ খান মনির বিয়ের অনুষ্ঠান ছিল।
ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরী এবং মহানগর ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু হত্যা মামলার প্রধান আসামি মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাহবুব কাদির শাহী।
ছাত্রদল নেতা শাহীর উপস্থিতির খবর পেয়ে জিল্লুল হক জিলুর অনুসারী ও সহকর্মীরা কমিউনিটি সেন্টারে এসে হামলা চালায়।
সংঘর্ষকালে জিলু অনুসারীরা বরযাত্রীদের প্রায় ১৫টি গাড়ি ভাঙচুর করে এবং কয়েকটি হাতবোমা ফাটায়।
ওসি গৌসুল হোসেন জানান, গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিকাল ৫টায় সুবিদবাজার পয়েন্টে পরিবহন শ্রমিকরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।
প্রায় আধঘণ্টা পর পুলিশ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।
সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি জানান, বরের বাবা সাবেক বিএনপি নেতা। তাই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান ও মাহবুব কাদির শাহীরা এসেছিলেন। খবর পেয়ে ছাত্রদলের আরেকটি গ্রুপ এসে হামলা চালায়। এতে বিয়ের অনুষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
