২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহ হয়, তিনি জিয়া হত্যায় জড়িত: রিজভী

বঙ্গবন্ধু হত্যায় ‘জিয়াউর রহমানকে জড়িয়ে’ প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে ‘ডাহা মিথ্যা’ আখ্যায়িত করে জিয়া হত্যায় শেখ হাসিনাকে জড়িয়ে পাল্টা মন্তব্য করেছেন বিএনপির একজন নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 04:37 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

রোববার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “প্রধানমন্ত্রী ডাহা মিথ্যা কথা বলেছেন। শেখ হাসিনা দেশে ফিরে আসার ১৩ দিনের মাথায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। সেদিন তিনি (শেখ হাসিনা) সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

“জিয়াউর রহমানকে হত্যার পর আওয়ামী লীগের মধ্যে যে উল্লাস, তাতে জনগণের মনে সন্দেহ হয়, তিনিসহ (শেখ হাসিনা) আরো অনেকে জিয়া হত্যার সঙ্গে জড়িত। এ বিষয়ে প্রশ্ন থেকে যায়।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার আওয়ামী লীগের স্মরণ সভায় বিবিসিতে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফারুক রহমান ও আব্দুর রশীদের সাক্ষাৎকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,  “তারাই বলেছিল যে, বঙ্গবন্ধু এত জনপ্রিয় ছিল যে, তাদের খুন করা ছাড়া কোনো উপায় ছিল না। আর তাদের সমর্থন দিয়েছিল জিয়া। আমাদের বলার অপেক্ষা রাখে না যে জিয়া বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত।”

এর প্রতিক্রিয়ায় রোববার এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  জনগণের দৃষ্টি ‘অন্য দিকে ফেরাতেই’ প্রধানমন্ত্রীর এ ধরনের ‘অসত্য’ মন্তব্য।

“আওয়ামী লীগ সভানেত্রী গতকাল (শুক্রবার) এক আলোচনা সভায় বলেছেন, শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত। ওই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতারা জড়িত ছিলেন; এটা প্রমাণিত।

“জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকার সরকার কেড়ে নিচ্ছে। একে আড়াল করতে শেখ হাসিনা এমনটি বলছেন। এসব কথা বলে তিনি জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চান।”

এর আগে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “আমরা মনে করি, জনগণকে বিভ্রান্ত করতে শেখ হাসিনা মিথ্যাচার করেছেন। জিয়াউর রহমান কখনো শেখ মুজিব সম্পর্কে কোনো কটূক্তি করেননি। সংসদে তিনি বিভিন্ন সময়ে যেসব ভাষণ দিয়েছেন তা দেখলে এটা বোঝা যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কখনো শেখ মুজিবকে নিয়ে কটাক্ষ করে কথা বলেননি।”

এ রকম ‘মিথ্যাচার’ দিয়ে জিয়াউর রহমানকে ‘কলুষিত’ করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

“প্রধানমন্ত্রী বলেছেন, তাকে নাকি জিয়াউর রহমান দেশে আসতে দেননি। এটাও তিনি মিথ্যাচার করেছেন। প্রেসিডেন্ট জিয়ার উদ্যোগেই শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন।”

এদিকে সরকার ও ক্ষমতাসীন দল ‘নানাভাবে মিথ্যাচার’ করছে মন্তব্য করে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, “জিয়াউর রহমানকে নিয়ে কত ধরনের রটনা চলছে। তাদের মধ্যে কোনো রকম নীতি নেই।”

অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এল কে সিদ্দিকীর স্মরণে সংগঠনটির পক্ষ থেকে এই আলোচনার আয়োজন করা হয়। পরে এল কে সিদ্দিকীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত হয়।

গত ১ অগাস্ট সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি নেতা এল কে সিদ্দিকী।

তার কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “এল কে সিদ্দিকীর মতো মানুষরা নেই বলে দেশ অন্ধকার গহ্বরের দিকে চলে যাচ্ছে। একদলীয় শাসনে দেশ চালাচ্ছে সরকার।”

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে এল কে সিদ্দিকীর মেয়ে ইফতেসাম সিদ্দিকী, প্রকৌশলী মহসিন আলী, খান মঞ্জুর হোসেন, হাছিন আহমেদ, রিয়াজুল ইসলাম রিজু, এ কে এম শরিফুল ইসলাম আলোচনায় অংশ নেন।